মথুরায় উচ্ছেদ অভিযানের সময় সংঘর্ষ, পুলিশসহ নিহত ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরায় সরকারি জমি দখলমুক্ত করতে যাওয়া পুলিশ সদস্যদের সঙ্গে একটি গোষ্ঠীর লোকজনের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ সুপারও রয়েছেন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।

উত্তর প্রদেশের পুলিশ জানায়, দুই বছর আগে মথুরায় ‘স্বাধীন ভারত বিধিক সত্যাগ্রহ’ নামের একটি গোষ্ঠী সরকারি জমি দখল করে সেখানে স্থাপনা গড়ে তোলে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দিবাগত রাতে জমির দখল উদ্ধারে পুলিশ সেখানে অভিযান শুরু করে। এ সময় ওই গোষ্ঠীর শত শত সমর্থক প্রথমে ইট-পাথর ছুড়ে পুলিশের ওপর চড়াও হন। এরপর একপর্যায়ে তাঁরা আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করেন।

উত্তর প্রদেশ পুলিশের প্রধান জাভেদ আহমেদ বলেন, ‘গাছের ওপর উঠে ওরা আমাদের পুলিশের ওপর গুলি ছুড়তে থাকে। ওদের হামলায় আমাদের দুই সদস্য নিহত হন।’

জাভেদ আহমেদ বলেন, ‘আমাদের ওপর হামলার পর সংগঠিত হয়ে আমরা পাল্টা অভিযান চালাই। সফলভাবে ওদের আমরা সেখান থেকে উচ্ছেদ করি।’

নিহত দুই পুলিশ কর্মী হলেন পুলিশ সুপার (সিটি) মুকুল দ্বিবেদী ও স্টেশন হাউস অফিসার (এসএইচও) সন্তোষ কুমার যাদব। সংঘর্ষে আরও পাঁচ পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

পুলিশের দাবি, উচ্ছেদ অভিযানের সময় স্বাধীন ভারত বিধিক সত্যাগ্রহ সংগঠনটির কর্মীরা ঘরে আগুন জ্বালিয়ে দেন। এসব ঘরে গ্যাসের সিলিন্ডার ছিল। ঘর পুড়িয়ে দেওয়ার সময় এগুলো বিস্ফোরিত হয়ে প্রাণহানি ঘটে। জাভেদ বলেন, ‘২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনই আগুনে পুড়ে মারা গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারীও আছে।’ ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকটি পিস্তল, রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করে।

সংগঠনটি ২৭০ একর জমি দখল করে সেখানে বাড়িঘর তৈরি করে ফেলে। আদালত সম্প্রতি এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতেই পুলিশের এই অভিযান চলে।

স্বাধীন ভারত বিধিক সত্যাগ্রহ: সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন সময় পোস্ট দিয়ে এ সংগঠনের অনুরাগীরা নিজেদের রাজনৈতিক ও সামাজিক বিপ্লবী বলে দাবি করেন। তাঁরা নির্বাচনপ্রক্রিয়া বন্ধ করে দেওয়ার পক্ষে। সবার জন্য স্বল্পমূল্যে জ্বালানির দাবি আছে এ সংগঠনটির। মথুরার পদস্থ সরকারি কর্মকর্তা প্রদীপ ভাটনগর বলেন, ‘মতাদর্শগত দিক দিয়ে নকশাল বিদ্রোহীদের সঙ্গে এদের মিল আছে।’

নাম বৃক্ষ যাদব নামের এক ব্যক্তি এই তথাকথিত সংগঠনটির প্রধান। গতকালের হামলায় তিনিই নেতৃত্ব দিয়েছিলেন বলে পুলিশ জানায়।