মদন মিত্রকে গৃহবন্দী রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা কেলেঙ্কারি মামলায় জামিনে মুক্তি পেলেও মন্ত্রী মদন মিত্রকে গৃহবন্দী থাকতে হচ্ছে। আজ বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী ও মির দারা শিকোর ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। একমাত্র চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না মদন মিত্র।

দীর্ঘ ১১ মাস কারাগার ও হাসপাতালে বন্দী থাকার পর গত শনিবার কলকাতার আলিপুরের জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পান পশ্চিমবঙ্গের ক্রীড়া ও পরিবহন মন্ত্রী মদন মিত্র। কিন্তু সিবিআই অভিযোগ তোলে, আদালত সিবিআইর কথা না শুনে একতরফা শুনানি করে মদন মিত্রের জামিন দিয়েছেন। তাই এই জামিন আইনসম্মত নয়।

এরপরই মদন মিত্রের জামিন বাতিল করার দাবি নিয়ে গত সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন করে সিবিআই। মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও মদন মিত্রের আইনজীবী আদালতে অনুপস্থিত থাকায় আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয়।
উভয় পক্ষের শুনানির পর আদালত এই জামিন সংক্রান্ত বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মদন মিত্রকে পুলিশি প্রহরায় গৃহবন্দী রাখার নির্দেশ দেন। আগামী ১৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়। নির্দেশে বলা হয়েছে, সব সময় তাঁকে পুলিশি প্রহরায় থাকতে হবে।