মদন মিত্রকে গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিমবঙ্গে মিছিল

পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা-কাণ্ডে জাড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ তৃণমূলের নেতা ও রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার মিছিল ও সমাবেশ করেছেন তৃণমূলের সমর্থকেরা।
দুপুরে কলকাতার ময়দানের গোষ্ঠপালের মূর্তির পাদদেশে মদন মিত্রের গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ করেন তৃণমূল-সমর্থিত ক্রীড়া জগতের ভক্তরা। এই সমাবেশে উপস্থিত থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে এক হাত নেন মমতা।
সমাবেশে মমতা বলেন, ‘সময়ের ডাকেই তিনি এখানে এসেছেন। পশ্চিমবঙ্গের ক্রীড়া জগৎটাকে তছনছ করে দিচ্ছে। খেলাধুলার সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে। এটা চলতে দেওয়া হবে না।’
মমতা আরও বলেন, ‘বেশি বাড় বেড় না, ঝড়ে পড়ে যাবে।’ মমতা সিবিআইর কড়া সমালোচনা করেন। পরে মমতার নেতৃত্বে মদন মিত্রের গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষ হয় ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে।
মদন মিত্রকে গেপ্তারের প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তৃণমূলের সমর্থকেরা। তাঁরা বিভিন্ন রেলস্টেশনে বিক্ষোভ ও ট্রেন অবরোধ করেন। রানীগঞ্জ, বর্ধমান, বারাসাত, হাওড়া, আসানসোল, কালনা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। গতকাল শুক্রবার মদন মিত্রকে কলকাতায় গ্রেপ্তার করে সিবিআই।
অন্যদিকে, সারদা-কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতাকে সিবিআইর জেরা করার দাবিতে আজ দুপুরে বামদলের উদ্যোগে আরেকটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় কলকাতায়।
আজ বিকেলে মদন মিত্রকে কলকাতার আলীপুর আদালতে হাজির করা হলে আদালত তাঁকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন।