মদন মিত্রকে সিবিআইয়ের চূড়ান্ত সমন
চাঞ্চল্যকর সারদা–কাণ্ডের তদন্তের স্বার্থে এবার ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে জেরা করতে সমন পাঠিয়েছে। আজ মঙ্গলবার এটি পাঠানো হয়। সমন অনুযায়ী আগামীকাল বুধবার তাঁকে কলকাতার সিবিআইয়ের কার্যালয়ে হাজির হতে হবে। এর আগেও মদন মিত্রকে জেরার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। তবে সে সময় তিনি অসুস্থতার কারণ দেখিয়ে উপস্থিত হননি।
সারদা–কাণ্ডের তদন্তে নেমে সিবিআই বিভিন্ন অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। ওই জিজ্ঞাসাবাদে মদন মিত্রের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এরপরই সিবিআই তাঁকে জেরা করার জন্য গত ২১ নভেম্বর ডেকে পাঠায়। তখনই মদন মিত্র অসুস্থ হয়ে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি হন। ২৬ নভেম্বর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর তিনি চিকিৎসকের নির্দেশমতো বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন। ইতিমধ্যে তাঁকে চূড়ান্ত সমন পাঠায় সিবিআই।
মদন মিত্র তৃণমূলের এক দাপুটে নেতা। সারদা–কাণ্ডে জড়িয়ে ইতিমধ্যে দুই তৃণমূল সাংসদ (রাজ্যসভার সদস্য) গ্রেপ্তার হয়েছেন। এঁরা হলেন কুনাল ঘোষ ও সৃঞ্জয় বসু।