মদনের মামলা পরিচালনার দাবিতে আবেদন

পশ্চিমবঙ্গের পরিবহন ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের বিরুদ্ধে সিবিআই (কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা) কতৃর্ক দায়ের করা দুর্নীতির মামলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশটির সুপ্রিম কোর্টে আজ মঙ্গলবার একটি আবেদন (পিটিশন) করা হয়েছে। আবেদনটি করেন পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রবীণ নেতা আবদুল মান্নান। আজই দিল্লিতে মান্নানের পক্ষে আবেদন করেন আইনজীবী সুভাশীষ ভৌমিক।
বিকেলে এ ব্যাপারে কংগ্রেস নেতা মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, মদন মিত্র গ্রেপ্তারের পর রাজ্যজুড়ে তাণ্ডব শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা কলকাতার আলীপুর আদালত চত্বরে গত শনিবার বিক্ষোভ, তাণ্ডব, সিবিআই কর্মকর্তাদের অশ্রাব্য ভাষায় গালাগাল ও গাড়ি ভাঙচুর করেছেন। শুধু তা-ই নয়, এজলাসের ভেতর তৃণমূলপন্থী আইনজীবীরা সিবিআইর আইনজীবীকে সওয়াল করতে বাধা দেওয়ার ঘটনা ঘটিয়েছেন। এর ফলে মামলা সুষ্ঠুভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই মামলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আদেশ প্রার্থনা করা হয়েছে।
সারদার অর্থ কেলেংকারিতে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার মদন মিত্রকে গ্রেপ্তার করে সিবিআই। গ্রেপ্তারের পরই তৃণমূল কংগ্রেস মদন মিত্রের গ্রেপ্তারের বিরুদ্ধে কলকাতাসহ রাজ্যব্যাপী আন্দোলন শুরু করে। তৃণমূলের সমর্থকেরা রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক এবং রেলপথ অবরোধ করেন। শুধু তা-ই নয়, বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সিবিআইর বিরুদ্ধেও আন্দোলন জোরদার করেছেন তাঁরা।
মদন পাঁচ দিনের হেফাজতে
এদিকে আজ তিন দিনের পুলিশ হেফাজত শেষে কড়া পুলিশি নিরাপত্তায় মদন মিত্রকে আলীপুর আদালতে নিয়ে যাওয়া হয়। আজও তৃণমূলের সমর্থকেরা মদন মিত্রের গ্রেপ্তারের প্রতিবাদে আদালতের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আলীপুরের অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিমের আদালতে মদন মিত্রের আবার পাঁচ দিনের হেফাজত চেয়ে আবেদন করে সিবিআইয়ের আইনজীবী। আদালত পাঁচ দিনের হেফাজত রাখার আদেশ দেন।
মমতার পদত্যাগ দাবি
আজ মঙ্গলবার বিকেলে কলকাতার শহীদ মিনার ময়দানে সিপিএমের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয়েছে। সিপিএমের নেতা ও রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র এ দাবি করেন। তিনি বলেন, ‘সারদার আর্থিক কেলেংকারির সঙ্গে এবার জড়িয়ে গেছেন তৃণমূলের বহু নেতা। মুখ্যমন্ত্রীর জেলে যাওয়ার অপেক্ষায় আছি। এবার তাঁদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় তুলতে হবে।’ সমাবেশে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুসহ শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।