মদ্যপানের দায় ইঁদুরের ঘাড়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যে জব্দ করা হাজার হাজার লিটার অ্যালকোহল উধাও হয়ে গেছে। পুলিশ বলছে, ইঁদুরের দল নাকি সেগুলো সাবাড় করে দিয়েছে।
রাজ্য সরকার গত বছর অ্যালকোহল পান ও বিক্রি নিষিদ্ধ করে। তখন থেকে পুলিশ কমপক্ষে নয় লাখ লিটার মদ জব্দ করে। পাটনা নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তা মনু মহারাজ বলেন, পুলিশ পরিদর্শকেরা গত মঙ্গলবার তাঁকে খবর দেন, তাঁদের জব্দ করা অধিকাংশ পানীয় ইঁদুরে খেয়ে নিয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার গত বছর দায়িত্ব নেওয়ার পর অ্যালকোহল নিষিদ্ধ করেন। রাজ্যে সহিংসতা, হয়রানি ও দারিদ্র্য মোকাবিলার লক্ষ্যেই তিনি এমন নির্দেশ দেন। পরবর্তী সময়ে পুলিশ রাজ্যজুড়ে অভিযান চালিয়ে অ্যালকোহল বাজেয়াপ্ত করতে শুরু করে। তারা অবৈধভাবে বাড়িঘর ও দোকানপাটে অ্যালকোহল রাখার দায়ে অন্তত ৪০ হাজার মানুষকে গ্রেপ্তার করে।
এই অভিযানের পর বিভিন্ন থানায় অ্যালকোহলের বিপুলসংখ্যক বোতল জমা পড়ে। সেগুলো রাখার জায়গার অভাবে কয়েকটি থানার কর্তৃপক্ষ বেসরকারি গুদাম ভাড়া করে।
এক হাজারের বেশি থানাকে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, তারা যেন জব্দ করা অ্যালকোহলের মজুত নিয়মিত পরিদর্শন করে। মনু মহারাজ বলেন, পুলিশ কর্মকর্তারা মদ্যপান করেন কি না, সেটাও নিয়মিত যাচাই করা হবে। তাঁরা এ পরীক্ষায় ব্যর্থ হলে চাকরি পর্যন্ত হারাতে পারেন।
রাজ্যের আইন অনুযায়ী যে কেউ অ্যালকোহল পান বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে ১০ বছর পর্যন্ত সাজা পেতে পারেন।