মধ্যপ্রদেশে ভবনে আগুন, মৃত্যু ৭
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি দোতলা ভবনে আগুন লেগে সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঁচজনকে। পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।
ভবনটির অবস্থান ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে। শুক্রবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে প্রধান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় শর্টসার্কিটের কারণে ভবনে আগুন ধরে যায়। ভবনের বাসিন্দারা তখন ঘুমাচ্ছিলেন। প্রথমে ভবনে পার্ক করে রাখা মোটরসাইকেল ও গাড়ি আগুনে পুড়ে যায়। পরে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে ভবনের মালিক আনসার প্যাটেলকে আটক করেছে পুলিশ। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ভবনে কোনো অগ্নি নির্বাপণ সরঞ্জাম রাখা ছিল না। ভবনের প্রতি তলায় একটি করে ফ্ল্যাট ছিল।
এ আগুন লাগার ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান শোক প্রকাশ করেছেন। টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তিনি যেন বিদেহী আত্মাকে তাঁর চরণে জায়গা দেন এবং তাঁদের পরিবারের সদস্যদের এ গভীর শোক সহ্য করার শক্তি দেন। আহত ব্যক্তিরাও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’