মধ্যপ্রদেশে রাজ্য বিধানসভার নির্বাচন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মধ্যপ্রদেশ। সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশ। সংগৃহীত

ভারতের বিজেপিশাসিত রাজ্য মধ্যপ্রদেশ বিধানসভার ২৩০টি আসনের নির্বাচন আজ বুধবার সকালে শুরু হয়েছে। মধ্যপ্রদেশে এখনো ক্ষমতায় বিজেপি। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিভিন্ন জনমত সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, এই রাজ্যে এবার হারতে চলেছে বিজেপি। কংগ্রেসকে জয়ের আভাস দেওয়া হয়েছে।

আজ কংগ্রেসশাসিত রাজ্য মিজোরাম বিধানসভার ৪০টি আসনের নির্বাচনও শুরু হয়েছে।

জানা গেছে, মধ্যপ্রদেশ বিধানসভার ২৩০টি আসনে ২ হাজার ৮৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রার্থীর মধ্যে ৪৬৪ জনের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন ফৌজদারি অপরাধের মামলা। এর মধ্যে ২৯৫ জনের বিরুদ্ধে রয়েছে খুন, খুনের চেষ্টার মতো অপরাধের মামলা। এই প্রার্থীদের মধ্যে ৬৫৬ জন কোটিপতি।

এডিআর ও মধ্যপ্রদেশ ইলেকশন ওয়াচ তাদের এক সমীক্ষা প্রতিবেদনে গতকাল মঙ্গলবার জানিয়েছে, এবারে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ২০১৩ সালের তুলনায় সম্পত্তি বেড়েছে ৭১ শতাংশ।

নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা (অ্যাফিডেভিট) পর্যালোচনা করে এডিআর ও মধ্যপ্রদেশ ইলেকশন ওয়াচ বলেছে, ২০১৩ সালে বিজয়ী প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ছিল ৫ কোটি ১৫ লাখ রুপি। এবার ২০১৮ সালে সেই প্রার্থীদের সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে গড়ে ৮ কোটি ৭৯ লাখ রুপি।

কোটিপতি প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির ১০৭ জন বিধায়ক। তাঁদের গড় সম্পত্তি চার কোটি থেকে বেড়ে গড় আট কোটি রুপিতে পৌঁছেছে। তাঁদের গড় সম্পত্তি বেড়েছে ৮৪ দশমিক ৬৪ শতাংশ। আর কংগ্রেসের ৫৩ জন বিধায়কের গড় ছয় কোটি রুপির সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে নয় কোটি রুপিতে। বহুজন সমাজ পার্টির চারজন বিধায়কের সম্পত্তি গড় তিন কোটি থেকে বেড়ে সাত কোটি রুপি হয়েছে।