মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পান্না জেলার পাণ্ডব জলপ্রপাতের কাছে গতকাল সোমবার বিকেলে সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস নিচে পড়ে গেলে বাসটিতে আগুন ধরে যায়। এতে ২৮ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। বাসে ৪২ জন যাত্রী ছিলেন।

বাসটি ছত্তিশগড় থেকে সাতনা যাচ্ছিল। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা কালেক্টর এসএন চৌহান এ ঘটনায় ২৮ জন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র জানায়, নিহত মানুষের সংখ্যা ৩৫ জন। আহত ব্যক্তিদের পান্না জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

মধ্য প্রদেশ সরকার এরই মধ্যে নিহত ব্যক্তিদের পরিবার প্রতি দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। গুরুতর আহত প্রত্যেককে ৫০ হাজার ও সামান্য আহত ব্যক্তিদের মাথাপিছু ২৫ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এ দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গভীর শোক প্রকাশ করেছেন।