মনমোহনের পাশে দাঁড়াল গোটা কংগ্রেস

আগে থেকে কাউকে কিছু বলেননি সোনিয়া গান্ধী। আজ বৃহস্পতিবার সাত সকালে কংগ্রেস সভানেত্রী দলীয় নেতাদের বার্তা পাঠালেন তাঁর বাড়ি চলে আসতে। শতাধিক নেতা ও সাংসদকে বিস্মিত করে সোনিয়া জানালেন, তাঁরা পদযাত্রা করবেন। ১০ জনপথ থেকে ৩ মোতিলাল নেহরু মার্গ পর্যন্ত তাঁরা হেঁটে যাবেন। শুরু হলো সোনিয়ার সরকারি আবাস থেকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারি আবাস পর্যন্ত আধা কিলোমিটারেরও কম পথ হাঁটা।
কয়লা কেলেঙ্কারিতে সিবিআই বিচারপতির সমন সত্ত্বেও গোটা কংগ্রেস দল যে মনমোহন সিংয়ের পাশে রয়েছে, এই অভিনব পদযাত্রা সেই বার্তাই ছড়িয়ে দিল। শুধু তাই নয়, সোনিয়ার নেতৃত্বে এই পদযাত্রা বিজেপিকেও এই বার্তা দিল, তাদের ‘রাজনৈতিক চক্রান্ত’ রুখতে গোটা দল এককাট্টা।
বুধবারই বিশেষ সিবিআই আদালত ওড়িশার তালাবিড়া-২ কয়লা ব্লক বন্টনে দুর্নীতির অভিযোগে মনমোহন সিংসহ মোট ছয় জনকে ৮ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করে। আদালতের সেই নির্দেশ শোনার পর ‘হতাশ ও ব্যথিত’ মনমোহন সিং বলেছিলেন, ন্যায়বিচার শেষে তিনি নিজেকে নির্দোষ প্রতিপন্ন করতে পারবেন। কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও জানানো হয়েছিল। বলা হয়েছিল, দল এই মামলায় সাবেক প্রধানমন্ত্রীর পাশে রয়েছে। কিন্তু সেই মন্তব্য যথেষ্ট বলে সোনিয়া মনে করেননি। বুধবার রাতেই তিনি সিদ্ধান্ত নেন, দল যে মনমোহন সিংয়ের পাশে আছে তা অন্যভাবে জানাতে হবে। বহস্পতিবার সাত সকালের পদযাত্রা সেই ভাবনারই ফল।
শতাধিক নেতা ও সাংসদদের পাশে নিয়ে সোনিয়া রাস্তায় নামেন সকাল সাড়ে নটা নাগাদ। শেষ শীতের দিল্লি তখনও গমগম করে ওঠেনি। প্রশস্ত সড়কের দু ধারে সারি সারি জাম ও প্রাচীন ঘোড়া নিমগাছের আড়াল থেকে ঠিকরে আসা নরম রোদ ও ছায়ায় মাখামাখি হয়ে সোনিয়া সদলে হাঁটা লাগালেন। তাঁর পাশাপাশি পি চিদাম্বরম, অম্বিকা সোনি, মোহসিনা কিদোয়াই, আনন্দ শর্মা, বীরাপ্পা মইলি, রহমান খান, শীলা দিক্ষীতেরা। কোনো স্লোগান নয়, কোনো বিশৃঙ্খলা নয়, সবাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন মনমোহন সিংয়ের বাড়িতে। সোনিয়ার নিরাপত্তায় নিযুক্ত স্পেশাল প্রোটেকশন গ্রুপ তটস্থ। খোলা রাজপথে সোনিয়াকে হাঁটতে দেওয়ার প্রবল আপত্তি ছিল তাদের। কিন্তু কোনো বাধা মানতে রাজি নন সোনিয়া। এই প্রথম রাজধানীর রাজপথ সাক্ষী থাকল সোনিয়ার হাঁটার। ততক্ষণে খবর পৌঁছে গেছে ৩ মোতিলাল নেহরু মার্গে। এই বাড়িতেই দীর্ঘ পনেরো বছর কাটিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দিক্ষীত। সেই বাড়িই এখন সাবেক প্রধানমন্ত্রীর আবাসস্থল। দলনেত্রীকে স্বাগত জানাতে সস্ত্রীক মনমোহন বারান্দায় এসে দাঁড়ালেন। বার্তা পেলেন, দল তাঁর সঙ্গে আছে।
সোনিয়া বললেন, মনমোহন সিংয়ের সততা প্রশ্নাতীত। শুধু দেশেই নয়, গোটা বিশ্বেই তিনি তাঁর সততা ও চারিত্রিক বৈশিষ্টের জন্য খ্যাত। তাঁর সততার প্রতি দলের পূর্ণ আস্থা আছে। তিনি এক রাজনৈতিক চক্রান্তের শিকার। এই চক্রান্তের বিরুদ্ধে কংগ্রেস সর্বশক্তি নিয়ে আইনি লড়াই চালাবে। দল তাঁর পাশে পূর্ণ সমর্থন নিয়ে রয়েছে।
চিদাম্বরম বলেন, সিবিআই দুবার জানিয়েছে যে মনমোহন সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর কোনো কারণ নেই। তার পরেও তাঁকে অভিযুক্ত করে এই সমন।
বীরাপ্পা মইলি বলেন, মনমোহন সিংয়ের সততা নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তোলেনি। কংগ্রেস সবরকম আইনি সহায়তা নিয়ে প্রস্ত্তত।
মনমোহন সিং বুধবার ছিলেন ব্যথিত ও হতাশ। নিজে মুখে সেকথা তিনি বলেওছিলেন। বৃহস্পতিবার তাঁর সমর্থনে সোনিয়াসহ দলীয় নেতৃবৃন্দের পদযাত্রায় তিনি অভিভূত। বললেন, আমরা এই মামলা সর্বশক্তি দিয়ে লড়ব।
সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতি ভরত পরাশরের এই সিদ্ধান্ত সত্ত্বেও বিজেপি মনমোহন সিংকে সরাসরি আক্রমণের রাস্তায় হাঁটছে না। কারণ তারা জানে, মনমোহন সিংয়ের ভাবমূর্তি এমনই যে তাঁকে দুর্নীতিগ্রস্ত বলাটা বিশ্বাসযোগ্য হওয়া কঠিন। ভেঙ্কাইয়া নাইডু তাই মনমোহনের বদলে কংগ্রেসকে দায়ী করেছেন। বলেছেন, এই দুর্নীতির জন্য কংগ্রেসেরই অপকর্ম। আর সেই কারণেই তারা এমন দলবদ্ধভাবে মনমোহন সিংয়ের পাশে দাঁড়িয়েছে।