মন্ত্রণালয় বণ্টনেও মোদির ‘নিজস্ব স্টাইল’
মন্ত্রিসভার রদবদলের পাশাপাশি মন্ত্রণালয় বণ্টনের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বকীয়তা বজায় রাখলেন। সমগ্র প্রক্রিয়ায় প্রতিভাত, তিনি এগোচ্ছেন সম্পূর্ণ নতুন ভাবনায়, নতুন চিন্তায়, নিজস্ব ভঙ্গিতে, যেখানে অতীতের ছোঁয়া যৎসামান্য। রাজনাথ সিং ও নিতিন গড়কড়ি ছাড়া বাজপেয়ি জমানার প্রতিষ্ঠিত আর কোনো হেভিওয়েট মন্ত্রীর স্থান এই মন্ত্রিপরিষদে হলো না।
সেই সঙ্গে গত বুধবার মন্ত্রিসভার খোলনলচে বদলানোর সময় এই বার্তাও তিনি দিয়ে গেলেন, অকর্মণ্যদের রেয়াত করা তাঁর অভিধানে নেই। হর্ষবর্ধন, অশ্বিনী চৌবে, রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকর, সদানন্দ গৌড়া বা বাবুল সুপ্রিয়দের ছেঁটে ফেলা তারই বার্তা। এঁদের বদলে যাঁদের তিনি দায়িত্ব দিলেন, তাঁদের অধিকাংশ নবীন, হাঁকডাকহীন, কর্মঠ এবং প্রযুক্তিবিদ। সেই অর্থে তাঁর এই মন্ত্রিসভায় নবীনেরাই সমাদৃত।
যেমন অশ্বিনী বৈষ্ণ। ৫১ বছর বয়সী রাজস্থানের এই প্রযুক্তিবিদ ওডিশা ক্যাডারের আইএএস অফিসার থাকাকালে মোদির দৃষ্টি কাড়েন। একাধিক বহুজাতিক সংস্থায় যোগ্যতার সঙ্গে তিনি কাজ করেছেন। তাঁর মতো ব্যক্তিকে মন্ত্রী করে মোদি বোঝাতে চেয়েছেন, প্রশাসনের ক্ষেত্রে নিছক রাজনীতিকের চেয়ে জ্ঞানী প্রযুক্তিবিশারদ গুরুত্বপূর্ণ। একেবারে আনকোরা এই নবীনের হাতে তিনি শুধু রেল মন্ত্রণালয়ই নয়, রবিশঙ্কর প্রসাদের ছেড়ে যাওয়া তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বও তুলে দিয়েছেন। বৃহস্পতিবার দায়িত্ব নিয়ে তিনি সংক্ষেপে মনে করিয়ে দিয়েছেন, এ দেশের আইন মেনেই সবাইকে চলতে হবে। এই উক্তি নতুন কিছু নয়, কিন্তু টুইটারের উদ্দেশে রবিশঙ্করের বলা এই কথার মধ্যে যুদ্ধংদেহী মনোভাব প্রতিদিন ঝরে পড়ত। অশ্বিনী তা স্রেফ মনে করিয়ে দিয়ে আন্তর্জাতিক ডিজিটাল গণমাধ্যমদের বুঝিয়েছেন, সরকার তার নীতি বদল করছে না। বৃহস্পতিবারই টুইটার দিল্লি হাইকোর্টকে জানিয়েছে, আট সপ্তাহের মধ্যে নয়া তথ্যপ্রযুক্তি বিধি অনুযায়ী কোনো ভারতীয়কে অভিযোগ গ্রহণকারী কর্তা নিয়োগ করবে। তা ছাড়া ভারতে একটি জনসংযোগ অফিস খোলার কথাও তারা ভেবেছে।
পশ্চিমবঙ্গ থেকে একসঙ্গে চারজনকে মন্ত্রী করার মতো ঘটনা সাম্প্রতিককালে ঘটেনি। কিন্তু এটাও ঠিক, কেন্দ্রে প্রতিমন্ত্রীদের প্রভাব যৎকিঞ্চিৎ। তবু উত্তরবঙ্গের দুই নেতার মধ্যে নিশীথ প্রামাণিককে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে। রাজ্য রাজনীতির সংঘর্ষের দিনলিপিতে এই মন্ত্রণালয়ে নিশীথের নিযুক্তি বার্তাবহ।
অভিজ্ঞতা ও সমন্বয়ের বিষয়টিও যে গুরুত্বপূর্ণ, তা বোঝা গেছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে অসামরিক বিমান পরিবহনমন্ত্রী করায়। গোয়ালিয়র রাজপরিবারের এই সন্তানের পিতা মাধবরাও কংগ্রেস জমানায় অসামরিক বিমান পরিবহন ও রেল মন্ত্রণালয়ের দায়িত্ব যোগ্যতার সঙ্গে পালন করেছেন। সেই অর্থে তিনি পিতার পদাঙ্ক অনুসরণের সুযোগ পেলেন। জ্যোতিরাদিত্যর মতোই নবীন ও কর্মঠ অনুরাগ ঠাকুর। তাঁকে পূর্ণ মন্ত্রী করে দায়িত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচারের পাশাপাশি ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রণালয়ের। স্মৃতি ইরানী শুরু থেকেই টিম মোদির সদস্যা। কিন্তু এবার তাঁকে দেওয়া হয়েছে শুধুই নারী ও শিশুকল্যাণের দায়িত্ব। তাঁর হাত থেকে বস্ত্র মন্ত্রণালয় কেড়ে দেওয়া হয়েছে পীযূষ গোয়েলকে, যিনি মোদির আস্থাভাজন হলেও অধিক দায়িত্বে জর্জরিত ছিলেন। নিতিন গড়কড়ি সেই অর্থে টিম মোদির কোর গ্রুপের সদস্য নন।
নাগপুরের এই প্রভাবশালীকে মোদি উপেক্ষা করতে পারেননি। তবে তাঁর কাছ থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কেড়ে দেওয়া হয়েছে শুধু সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রণালয়ের মতো অবকাঠামো নির্মাণের ভার। অরুণাচল প্রদেশের নেতা কিরেণ রিজিজু শুরু থেকেই মোদির কাছের। উত্তর-পূর্ব ভারতের ভারসাম্যের রাজনীতির তিনি অনুঘটক। রবিশঙ্করের সামলানো আইন মন্ত্রণালয়ের ভার দিয়ে মোদি তাঁকে নিজেকে প্রমাণের একটা বড় সুযোগ করে দিলেন।
রদবদলের আগেই ঘোষিত হয়েছিল নতুন এক মন্ত্রণালয়ের কথা। সমবায় অথবা সহযোগিতা সমন্বয় মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইংরেজিতে যাকে ‘মিনিস্ট্রি অব কো-অপারেশন’ বলা হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। নানান জিজ্ঞাসা।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে ধন্দ ঘুচল না। হর্ষবর্ধনকে সরিয়ে যাঁকে নতুন স্বাস্থ্যমন্ত্রী করা হলো, তিনি গুজরাটের নেতা মনসুখবাই মান্ডভিয়া। স্বাস্থ্যর পাশাপাশি সার ও রসায়ন মন্ত্রণালয়ের দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছে। এত দিন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা ৪৯ বছর বয়সী এই নেতা সেভাবে নিজের যোগ্যতা তুলে ধরতে পারেননি। কোভিডের মোকাবিলা করার যোগ্যতা তাঁর কতখানি, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রথম দিন থেকেই। মনে করা হচ্ছে, মনসুখবাইকে শিখণ্ডী করে মোদি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্ভবত নিজেই পরিচালনা করবেন। শিক্ষামন্ত্রী হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। ওডিশার এই জনপ্রিয় সংগঠক শুরু থেকেই টিম মোদির সদস্য। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবার ডেপুটি হিসেবে পেলেন দিল্লির রাজনীতিক মীনাক্ষি লেখিকে।
পশ্চিমবঙ্গ থেকে একসঙ্গে চারজনকে মন্ত্রী করার মতো ঘটনা সাম্প্রতিককালে ঘটেনি। কিন্তু এটাও ঠিক, কেন্দ্রে প্রতিমন্ত্রীদের প্রভাব যৎকিঞ্চিৎ। তবু উত্তরবঙ্গের দুই নেতার মধ্যে নিশীথ প্রামাণিককে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে। রাজ্য রাজনীতির সংঘর্ষের দিনলিপিতে এই মন্ত্রণালয়ে নিশীথের নিযুক্তি বার্তাবহ। তা ছাড়া তিনি থাকবেন অমিত শাহর অধীনে। জন বার্লা পেয়েছেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। সুভাষ সরকার শিক্ষা। মতুয়া নেতা শান্তনু ঠাকুর হয়েছেন জাহাজ প্রতিমন্ত্রী।
রদবদলের আগেই ঘোষিত হয়েছিল নতুন এক মন্ত্রণালয়ের কথা। সমবায় অথবা সহযোগিতা সমন্বয় মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইংরেজিতে যাকে ‘মিনিস্ট্রি অব কো-অপারেশন’ বলা হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। নানান জিজ্ঞাসা। সরকারি বিবৃতি অনুযায়ী, দেশে সমবায় আন্দোলন ছড়িয়ে দিয়ে ও তা শক্তিশালী করতে এই মন্ত্রণালয় প্রশাসনিক, আইনি ও নীতিগত কাঠামো তৈরি করবে। প্রধানমন্ত্রী মোদি এই সিদ্ধান্তকে বলেছেন ‘সমবায় থেকে সমৃদ্ধি’। এ ক্ষেত্রে গুজরাটের দুধ সমবায় ‘আমূল’-এর সাফল্যকে উদাহরণ হিসেবে খাড়া করা হয়েছে। সরকার চায় সমবায় আন্দোলনকে রাজ্যে রাজ্যে ছড়িয়ে দিতে।
এ নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। কারণ, সংবিধান অনুযায়ী সমবায়ের ওপর অধিকার পুরোপুরি রাজ্যের। সৃষ্টি হয়েছে সংশয় ও সন্দেহও। রাজ্যে রাজ্যে রয়েছে বহু সমবায় ব্যাংক। সেই সব ব্যাংক সাধারণত পরিচালনা করে রাজ্যের শাসক দলীয় নেতারা। সমবায় ব্যাংক ঘিরে অনিয়মের অভিযোগও অন্তহীন। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো অমান্য করে এদিকেও কেন্দ্রীয় সরকার হাত বাড়াতে চলেছে?