মন্ত্রিসভা নিয়ে মোদির অঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথা ভেঙে মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেই সঙ্গে প্রশস্ত করলেন অর্থনৈতিক সংস্কারের পথ। তবে তাঁর সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নানা প্রশ্ন।
সরকারের বহর বাড়ানোর সময় প্রধানমন্ত্রীর মননে যে চিন্তা বড় হয়ে উঠেছিল, তা হলো সরকারের সাফল্য। সে জন্য তিনি এমন তিনজনকে বেছে নিয়েছেন যাঁরা রাজনীতির মানুষ হয়েও প্রচলিত অর্থে রাজনীতিক হয়ে ওঠেননি, যাঁদের ঘিরে কোনো বিতর্ক দানা বাঁধেনি। তিনজনই ‘টেকনোক্র্যাট’।
গোয়ার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে যিনি প্রতিরক্ষামন্ত্রী হলেন, সেই মনোহর পারিকর মুম্বাই আইআইটির ছাত্র ছিলেন। সুরেশ প্রভু, যাঁকে শিবসেনা থেকে ছাড়িয়ে বিজেপিতে নিয়ে এসে মোদি রেলমন্ত্রকের দায়িত্ব তুলে দিলেন, তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আর বিহারের পরিচিত নেতা সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার ছেলে আইআইটি ও হার্ভার্ড শিক্ষিত জয়ন্তকে করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলির ডেপুটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী যে ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন, তা হলো অর্থনৈতিক সংস্কারের কাজগুলো এবার তিনি দুর্বার গতিতে এগিয়ে নিতে চান।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় ‘দ্বিতীয় ব্যক্তি’ রাজনাথ সিং হলেও নরেন্দ্র মোদির সবচেয়ে কাছের ও ভরসার জায়গায় এখনো সেই অরুণ জেটলিই রয়েছেন। অর্থ ও প্রতিরক্ষার যুগ্ম দায়িত্ব ছিল তাঁর। প্রতিরক্ষা থেকে অব্যাহতি দেওয়া হলেও জেটলির কাঁধে মোদি চাপিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মোদির অতি বিশ্বস্ত হর্ষবর্ধন। সেই দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে মোদি সম্ভবত এই বার্তাই দিতে চেয়েছেন যে আগামী বছরের গোড়ায় দিল্লি বিধানসভার নির্বাচনে দল ক্ষমতায় এলে রাজধানীর এই সুপরিচিত ডাক্তার হর্ষবর্ধনকেই মুখ্যমন্ত্রী করা হবে।
আইন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বিহারের গুরুত্বপূর্ণ নেতা রবিশঙ্কর প্রসাদকে কেন সরিয়ে নেওয়া হলো, তার কোনো যুক্তিসংগত ব্যাখ্যা বিজেপিতে নেই। তাঁর বদলে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব যাঁকে দেওয়া হলো, সেই সদানন্দ গৌড়ার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে সোমবার সেই অভিযোগ এনে বলা হয়েছে, মন্ত্রী হওয়ার পাঁচ মাসের মধ্যে সদানন্দের সম্পদ তিন গুণের বেশি বেড়েছে। সৎ ও স্বচ্ছ প্রশাসনের প্রবক্তা প্রধানমন্ত্রীর কাছে কংগ্রেস এই জবাবদিহি চাইলেও সরকারি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।