মন্ত্রী মদন গ্রেপ্তার

অবশেষে চাঞ্চল্যকর সারদা–কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ তৃণমূলের নেতা ও রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আজ শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সিবিআইর চূড়ান্ত নোটিশ পেয়ে আজ বেলা ১১টার দিকে কলকাতার সল্টলেকে সিবিআই অফিসে হাজির হন মদন মিত্র। সেখানে প্রথম দফায় তাঁকে একটানা আড়াই ঘণ্টা জেরা করা হয়। মধ্যাহ্নভোজের পর আরও দেড় ঘণ্টা জেরা করা হয় এই মন্ত্রীকে। জেরায় মদন মিত্র সিবিআইয়ের নানা প্রশ্ন এড়িয়ে যান। এরপর দ্বিতীয় দফা জেরার সময় সিবিআই তথ্যপ্রমাণ হাজির করে জেরা শুরু করলে তা–ও এড়িয়ে যান মদন। এর পরই সিবিআই বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যাওয়া ও উত্তর না দেওয়ার কারণে বিকেলে মদন মিত্রকে গ্রেপ্তার করে।
সারদা–কাণ্ডের তদন্তে নেমে সিবিআই বিভিন্ন অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সারদার অর্থ কেলেংকারির সঙ্গে মদন মিত্রের সম্পৃক্ততার অভিযোগ পায়। এরপর সিবিআই জেরা করার জন্য মদন মিত্রকে গত ২১ নভেম্বর প্রথম ডেকে পাঠায়। তখনই মদন মিত্র অসুস্থ হয়ে কলকাতার পিজি হাসাপাতালে ভর্তি হন। ২৬ নভেম্বর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বাড়িতেই চিকিৎসকের পরামর্শে বিশ্রাম নিচ্ছিলেন। এর পরই তৃণমূলের এক দাপুটে নেতাকে জেরা করার জন্য চূড়ান্ত সমন পাঠায় সিবিআই।
সারদা–কাণ্ড ফাঁস হওয়ার পর এর সঙ্গে মদন মিত্রের জড়িত থাকার অভিযোগ ওঠে। অভিযুক্ত বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার ও জেরা করে সিবিআই মদন মিত্রের নাম পায়। এর পরই সিবিআই মদন মিত্রকে জেরা করার সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, সারদা–কাণ্ডে জড়িত থাকায় ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ (রাজ্যসভার সদস্য) কুণাল ঘোষ ও সঞ্জয় বসু গ্রেপ্তার হয়েছেন।