মন্ত্রীকে ৫৬ মিনিট জেরা

আপাতত স্বস্তি ভারতের সিপিএম দলের। উত্তর-পূর্ব ভারতের একমাত্র কমিউনিস্ট-শাসিত রাজ্য ত্রিপুরার মন্ত্রী বিজিতা নাথকে ৫৬ মিনিট জেরা করেই ছেড়ে দিলেন গোয়েন্দারা। মুক্তি পেয়েই মিডিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনলেন বিজিতা।
ভারতের কয়েক কোটি রুপির চিটফান্ড কেলেঙ্কারিতে আজ বৃহস্পতিবার সকালে ত্রিপুরার সমাজ কল্যাণমন্ত্রী বিজিতা নাথকে জেরা করতে আগরতলায় তাঁর সরকারি আবাসনে হাজির হন সিবিআই কর্তারা। আগে থেকেই অবশ্য বিষয়টি জানানো ছিল বিজিতাকে। রোজভ্যালি নামের বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে তাঁকে জেরা করা হয়।
সিবিআইয়ের তরফে এখনো কোনো মন্তব্য না করা হলেও মন্ত্রী নিজেই মিডিয়ার মুখোমুখি হন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিবিআই অফিসাররা আমাকে যা যা প্রশ্ন করেছেন, আমি তার উত্তর দিয়েছি। ওনারা যদি আবারও জিজ্ঞেস করেন, আমি তার জবাব দিতে প্রস্তুত। সব রকম সহযোগিতা করতে রাজি আছি। আমি এই কথাগুলোও তদন্তকারীদের জানিয়ে দিয়েছি।’
পাশাপাশি মন্ত্রী এদিন সংবাদমাধ্যমের কড়া সমালোচনা করেন। বিজিতা বলেন, ‘কিছু সংবাদমাধ্যম আমার বিরুদ্ধে কুৎসা রটাতে ব্যস্ত। তারা ভুলে গিয়েছে, আমি একজন নারী। আমারও সামাজিক জীবন রয়েছে।’ সেই সঙ্গে তাঁর দাবি, চিটফান্ড-কাণ্ডে কোনো অবস্থাতেই তিনি যুক্ত ছিলেন না।
ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। তার আগে সিপিএমকে ঘায়েল করার জন্য অবাম দলগুলো একযোগে চিটফান্ড-কাণ্ডকেই বড় ইস্যু করছে। শুধু বিজিতাই নন, মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধেও বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালিকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। তবে এই প্রথম চিটফান্ড-কাণ্ডে সিপিএমের কোনো নেতা বা মন্ত্রীকে জেরা করল সিবিআই।