মন্ত্রীদের ২৫ জন কোটিপতি, ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ৪২ জন মন্ত্রীর মধ্যে ২৫ জনই কোটিপতি। নয়জন মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা।
বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের সমীক্ষায় এই তথ্য জানানো হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সম্পত্তির যে তথ্য প্রার্থীরা দিয়েছিলেন, এর ভিত্তিতেই এ সমীক্ষা চালানো হয়।
সমীক্ষায় বলা হয়েছে, মন্ত্রিসভার ৫৭ শতাংশই কোটিপতি। মন্ত্রিসভার নয়জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এঁদের মধ্যে তিনজন এবার মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হয়েছেন। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অপহরণের অভিযোগও রয়েছে। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে আসানসোলের বিধায়ক ও মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা ছয়।
সমীক্ষায় জানানো হয়, এবারের মন্ত্রিসভায় টাকার অঙ্কে সবচেয়ে ধনী মুর্শিদাবাদের জঙ্গীপুর থেকে নির্বাচিত বিধায়ক ও শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন। তিনি বিড়ি ব্যবসায়ী। তাঁর সম্পত্তির পরিমাণ ২৮ কোটি রুপি। এরপরই রয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান। তাঁর সম্পত্তির পরিমাণ ১৭ কোটি রুপি। অর্থমন্ত্রী অমিত মিত্রের সম্পত্তির পরিমাণ ১১ কোটি রুপি। পানিসম্পদ অনুসন্ধান মন্ত্রী সৌমেন মহাপাত্রের সম্পত্তির পরিমাণ সাত কোটি রুপি। কলকাতার মেয়র ও দমকল-আবাসনমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের রয়েছে ছয় কোটি রুপির সম্পত্তি। আর পাঁচ কোটি রুপির সম্পত্তি আছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন, পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, স্বাস্থ্য ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও আদিবাসী উন্নয়নমন্ত্রী জেমস কুজুর।
তবে ওয়াকিবহাল মহলের মতে, মন্ত্রীদের সম্পত্তির এটাই যে পূর্ণাঙ্গ তথ্য, তা মোটেই নয়।