মন্দির নির্মাণের পাথর পৌঁছেছে অযোধ্যায়: হিন্দু পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার স্থানে রাম মন্দির নির্মাণের জন্য পাথর আনা হয়েছে বলে দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনটি ছয় মাস আগে ঘোষণা দিয়েছিল, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য সারা দেশ থেকে পাথর সংগ্রহ করা হবে। সংগঠনটির একজন মুখপাত্র দাবি করেন, সেই ডাকে সাড়া দিয়েই রোববার অযোধ্যায় দুই ট্রাক পাথর আনা হয়েছে। সোমবার বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শারদ শর্মা বলেন, ‘অযোধ্যায় পরিষদের সম্পত্তি রাম সেবক পুরমে দুই ট্রাক পাথর নামানো হয়েছে। রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাস শিলা পূজনও করেছেন।’ মহন্ত নৃত্য গোপাল দাবি করেন, ‘মোদি সরকারের পক্ষ থেকে শিগগির মন্দির নির্মাণের ইঙ্গিত মিলেছে। পাথরও জমা হতে শুরু করেছে।’
ফইজাবাদের জ্যেষ্ঠ পুলিশ সুপার মোহিত গুপ্ত বলেন, ‘পাথর পৌঁছানোর পর থেকে পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পাথর তাঁরা তাঁদের নিজেদের জায়গায় রেখেছে। এ ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনোভাবে ক্ষুণ্ন না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।’