মমতা আসছেন ১৯ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন মমতা। তাঁর সফরসঙ্গী হিসেবে আসবেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ দীপক অধিকারী, মুনমুন সেন, সঞ্জয় মিত্র এবং মুখ্যসচিব ও অন্য কর্মকর্তারা।
এ ছাড়া তার সফরসঙ্গী হিসেবে আরও থাকবেন প্রখ্যাত সাংস্কৃতিক, ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব। আজ মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
২০১১ সালের মে মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি মমতার প্রথম বাংলাদেশ সফর।
ঢাকা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী আয়োজিত চা-চক্রে অংশ নেবেন। ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অমর একুশে উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ ছাড়া বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স কলকাতার (আইসিসি) সহযোগিতায় ফেডারেশন অব ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অব ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) নেতৃবৃন্দের উদ্দেশে ভাষণ দেবেন। এ ছাড়া তিনি ভারতীয় হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা সভায়ও যোগ দেবেন।