মমতা দিদির সময় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ছবি: ভাস্কর মুখার্জী
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ছবি: ভাস্কর মুখার্জী

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে মমতার দিন শেষ। এবার এই রাজ্য থেকে উপড়ে ফেলা হবে তৃণমূলকে।

আজ শুক্রবার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের আলিপুরদুয়ারে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ এ কথা বলেন। আলিপুরদুয়ার জেলা শহরের প্যারেড গ্রাউন্ডে এ জনসভার আয়োজন করা হয়।

অমিত শাহ বলেন, এই রাজ্যে এবার বিজেপি ২৩ আসন পাবে।

অমিত শাহ হুমকির সুরে বলেন, ‘এবার এই বাংলায় চালু করা হবে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি। অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে তাড়ানো হবে এই রাজ্য থেকে। তবে তাড়ানো হবে না এই রাজ্যের উদ্বাস্তু বা শরণার্থীদের। তাঁদের আশ্রয় দেওয়া হবে। দেওয়া হবে তাঁদের নাগরিকত্ব। নাগরিকত্ব বিল পাস করে তাঁদের এই অধিকার দেওয়া হবে।’

এবারের লোকসভা নির্বাচনের প্রথম দিন ১১ এপ্রিল পশ্চিমবঙ্গের এই জলপাইগুড়ি ডিভিশনের আলিপুরদুয়ার আসনের ভোট নেওয়া হবে। সেই লক্ষ্যে আয়োজিত আজকের এই জনসভায় অমিত শাহ বলেন, ‘এই নির্বাচন শুধু দেশ নয়, বাংলার জন্যও খুব গুরুত্বপূর্ণ। মমতার সন্ত্রাস থেকে কেউ যদি বাংলা বাঁচাতে পারেন, তিনি হলেন নরেন্দ্র মোদি। তাই এই বাংলা থেকে উপড়ে ফেলতে হবে তৃণমূলকে। কারণ বাংলায় আগামী দিনে গণতন্ত্র থাকবে কি না, তা ঠিক করবে এই নির্বাচন।’ অমিত শাহ বলেন, ‘সন্ত্রাস করে বিজেপিকে রোধ করা যাবে না। যত পারেন গুন্ডা নামান। আমাদের রোধ করতে পারবেন না। আপনার সময় শেষ দিদি। আমরা জিতবই।’ 

অমিত শাহ বলেন, ‘মোদিজি পাকিস্তানে ঢুকে জঙ্গি তাড়িয়েছে। জঙ্গি মেরেছেন। কিন্তু এতে রাগ হওয়া উচিত পাকিস্তানের। কিন্তু মমতা কেন রাগ দেখাচ্ছেন?’ তিনি আরও বলেন, ‘মাদ্রাসাকে ৪ হাজার কোটি রুপি দিলেন। অথচ ডাক্তার-ইঞ্জিনিয়ারদের গুরুত্ব দিলেন না। রাজ্যে এবার উর্দু ভাষা চাপানোর চেষ্টা চলছে।’
অমিত শাহ আরও বলেন, ‘মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন। কমিউনিস্টদের তাড়িয়ে ছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে কমিউনিস্টরাই ভালো ছিল। বাংলার মা-মাটি-মানুষ থেকে মা মমতা চলে গেছেন, মাটি এখন অনুপ্রবেশকারীদের দখলে, মানুষ এখন সন্ত্রাসে ত্রস্ত।’

অমিত শাহ তৃণমূল সরকারকে উপড়ে ফেলে বাংলায় পদ্ম ফোটানোর ডাক দেন।
অমিত শাহ আরও বলেন, ‘যে বাংলায় একসময় রবীন্দ্রনাথের গান, চৈতন্য দেবের কীর্তন শোনা যেত, এখন এই বাংলায় শোনা যায় বোমার আওয়াজ। তোলাবাজি আর সিন্ডিকেটের অত্যাচারে বাংলার মানুষ অতিষ্ঠ। তাই তৃণমূলকে এবার উপড়ে ফেলার সময় এসেছে।’ বলেন, বাংলাকে ধ্বংস করেছে তৃণমূল। গণতন্ত্রকে হত্যা করেছে তৃণমূল। তাই তিনি বলেন, আবার নরেন্দ্র মোদির হাত ধরে এই বাংলায় আসবে বিজেপি। আরও বলেন, ‘আপনার সময় শেষ মমতা দিদি। আপনাদের হার নিশ্চিত।’