মমতা-নাইডু বৈঠকে বিজেপিকে রাজনৈতিকভাবে উৎখাতের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবান্নে মমতার সঙ্গে চন্দ্রবাবু নাইডু। ছবি: ভাস্কর মুখার্জি
নবান্নে মমতার সঙ্গে চন্দ্রবাবু নাইডু। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কলকাতায় এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল সোমবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এই বৈঠক হয়। আসন্ন ভারতের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর প্রত্যয়ে একযোগে মাঠে নেমেছেন চন্দ্রবাবু নাইডু ও মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘোষণা দিয়েছেন বিজেপিবিরোধী এক মহাজোট বা ফেডারেল ফ্রন্ট গঠন করার। ইতিমধ্যে ওই মহাজোটে শরিক হওয়ার জন্য দেশের বিজেপিবিরোধী বহু রাজনৈতিক দল সম্মতি জানিয়েছে। মমতা ও নাইডু দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জনসংযোগ অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় এবার বৈঠক করলেন এই দুই মুখ্যমন্ত্রী।

এর আগে মহাসমাবেশ করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওই মহাসমাবেশ হবে। সেখান থেকে ঘোষণা দেওয়া হবে, মোদি সরকারকে পরাস্ত করার ডাক।

এ লক্ষ্যে মমতার সঙ্গে আলোচনার জন্য অন্ধ্র প্রদেশ থেকে কলকাতায় ছুটে আসেন তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু। তিনি মমতার সঙ্গে দীর্ঘসময় বৈঠক করেন। বৈঠকে মোদিবিরোধী আন্দোলন এবং আসন্ন লোকসভা নির্বাচনে মোদিকে পরাস্ত করার নানা দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা করেন ফেডারেল ফ্রন্ট গঠন নিয়েও।

বৈঠক শেষে গতকাল সন্ধ্যায় নাইডু-মমতা নবান্নে মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানেই নাইডু মোদির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার ডাক দেন। নাইডু বলেন, ‘দেশে আজ গণতন্ত্র বিপন্ন। মোদি সরকার ভেঙে দিচ্ছে কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে। এখন দেশকে বাঁচানো এবং মোদিকে সরানো আমাদের লক্ষ্য। তাই গণতান্ত্রিক বাধ্যবাধকতায় আমাদের একজোট হওয়ার সময় এসেছে।’

নাইডু বলেন, ‘আজ দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। টাকার দাম পড়েছে। পেট্রলের দাম বেড়েছে। বেড়েছে বেকারত্ব। মোদি সরকার রাজনীতিকদের ঘায়েল করার জন্য সিবিআইয়ের ভয় দেখাচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। মোদির বিরুদ্ধে আমাদের তাই সোচ্চার হতে হবে। লড়াইতে নামতে হবে।’

এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সময় এসেছে এবার মোদি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার। আর মোদিকে শাসনক্ষমতা থেকে বিতাড়নের। তাই মোদির বিরুদ্ধে আমাদের সবার সোচ্চার হতে হবে। আন্দোলন গড়ে তুলতে হবে। বিজেপি সরকারকে নির্বাচনের মাধ্যমে গদি থেকে নামাতে হবে। কারণ, বিজেপি সরকার আমাদের উন্নয়নের বিরোধী। সাম্প্রদায়িকতার প্রতিভূ। তাই মোদির বিরুদ্ধে এক হতে হবে।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘১৯ জানুয়ারি ব্রিগেড মহাসমাবেশ থেকে দাবি তুলতে হবে, আর নয় মোদির শাসন। ২০১৯ সালে হবে বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তির এক নতুন সরকার। আর উৎখাত হবে বিজেপি।’