মমতা প্রথা ভেঙে শপথ নেবেন রেড রোডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় আগামী শুক্রবার শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রথা ভেঙে এবার তিনি শপথ নেবেন রাজভবনের বাইরে রেড রোডের উন্মুক্ত স্থানে।

গতকাল বৃহস্পতিবার বিপুল ভোটে জয়লাভের পর আজ শুক্রবার দুপুরে কালীঘাটের তৃণমূলের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠক করেন। বৈঠকে সর্বসম্মতভাবে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন তিনি।
এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ২৯৪ আসনের মধ্যে তাঁর দল ২১১ আসনে জয়লাভ করে। বৈঠক শেষে মমতা বিজয়ী প্রার্থীদের নামের তালিকা নিয়ে যান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির বাসভবন রাজভবনে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। রাজ্যপালের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ার দাবি জানান। মমতা বলেন, ২০১১ সালের ২০ মে তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রথম তৃণমূল সরকার গঠিত হয়েছিল। সেই শুভদিনকে স্মরণে রেখে আজকে সরকার গড়ার দাবি জানিয়ে আসেন।
মমতা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুক্রবার। তবে প্রথা ভেঙে এবার তিনি শপথ নেবেন রাজভবনের বাইরে রেড রোডের উন্মুক্ত স্থানে। হাজারো মানুষ এই শপথ গ্রহণ অনুষ্ঠান যেন দেখতে পারে, সে জন্যই এ ব্যবস্থা। এত দিন শপথ গ্রহণ অনুষ্ঠান রাজভবনেই হয়ে আসছিল। এ জন্য রাজভবন চত্বরে নির্মাণ করা হতো বিশেষ মঞ্চ। এবার সেই মঞ্চ হবে রেড রোডে। কলকাতার মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজও দীর্ঘদিন ধরে এই রেড রোডে অনুষ্ঠিত হয়ে আসছে।