মমতা বললেন, ঈশ্বর ওদের ক্ষমা করে দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপির যুবনেতা যোগেশ ভার্সন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা চেয়ে নগদ পুরস্কার ঘোষণা করায় তৃণমূল কংগ্রেসের নেতারা তাঁর গ্রেপ্তারের দাবি করলেও মমতা তাঁকে ক্ষমা করে দিতে চান।
বুধবার মুর্শিদাবাদের ডোমকলে আয়োজিত দলীয় সমাবেশে মমতা বলেছেন, ‘ওরা জানে না ওরা কী ভুল করছে। ওদের ক্ষমা করে দিয়ো প্রভু।’
উত্তর প্রদেশ বিজেপির যুবনেতা যোগেশ ভার্সন মঙ্গলবার রাজ্যের আলিগড়ে বলেন, মমতার মাথা কেউ কেটে এনে তাঁর হাতে দিতে পারলে ১১ লাখ রুপি পুরস্কার দেবেন। যোগেশ অভিযোগ করেন, মমতা পশ্চিমবঙ্গে সরস্বতী পূজা করতে দেন না। রামনবমী এবং হনুমান জয়ন্তীতে সমাবেশে বাধা দিয়েছেন। অন্যদিকে মুসলমানদের তোষণ করেন।
গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূলের সমর্থকেরা প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলকারীরা ওই বিজেপির নেতার অবিলম্বে গ্রেপ্তার দাবি করেন।
মুর্শিদাবাদের সমাবেশে মমতা বলেন, ‘আমাকে গালি দিন, চড়-থাপ্পড় মারুন, তবু আমি পাল্টা গাল দেব না। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব, হে প্রভু ওরা অবুঝ, ওরা জানে না কী ভুল করছে। তুমি ওদের ক্ষমা করো। পাগলে কী না বলে, ছাগলে কী না খায়?’