মমতা লড়বেন ভবানীপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: এএনআই

আইন অনুসারে ছয় মাসের মধ্যে কোনো একটি আসনে জিততে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার তিনি লড়বেন ভবানীপুর থেকে।
মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে নির্বাচন করে হেরে গেছেন। হেরেছেন আবার তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর কাছে। মাত্র ১ হাজার ৯৫৬ ভোটের ব্যবধানে হেরেছিলেন তিনি। কিন্তু এই পরাজয় এখনো মেনে নেননি। এ নিয়ে মামলা চলছে। ফলে ধোঁয়াশা ছিল, কোথা থেকে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ টিকিয়ে রাখবেন মমতা। এই ধোঁয়াশার অবসান হতে যাচ্ছে। দলীয় সূত্র বলছে, সাবেক আসন ভবানীপুর থেকেই আবার লড়বেন মমতা।

মমতা নন্দীগ্রাম থেকে লড়াই করায় এবার বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে লড়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি ২৮ হাজার ভোটে জয়ী হয়েছেন। এরপর গত ২১ মে পদত্যাগ করেন তিনি। লক্ষ্য, উপনির্বাচনে ওই আসন ছেড়ে দেবেন মমতার জন্য। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত উপনির্বাচনের তফসিল ঘোষণা করেনি। এই আসনে উপনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে দেনদরবার করে আসছে তৃণমূল।

এদিকে উপনির্বাচনের তারিখ নিশ্চিত না হলেও দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় মমতার পক্ষে প্রচার শুরু করেছেন দলীয় নেতা–কর্মীরা। নতুন স্লোগান তৈরি করে গতকাল রোববার থেকে মাঠে নেমেছেন তাঁরা। এবার স্লোগান, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’। স্লোগানটি তৈরি করেছে মমতার দলের অঙ্গসংগঠন জয় হিন্দ বাহিনী।

এর আগে মমতার ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক বিধানসভা নির্বাচনে মমতার জয়ের জন্য নতুন স্লোগান তুলেছিল ‘বাংলা নিজের মেয়েকে চায়’। সেই স্লোগানে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিপুল ভোটে জিতেছে মমতার দল তৃণমূল কংগ্রেস।

এবারের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে মমতার দল ২১৩টি আসন পায়। বিজেপি পায় মাত্র ৭৭টি আসন। শূন্য থাকে কংগ্রেস ও বাম দল। রাজ্য বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছিল ২ মে। আর মুখ্যমন্ত্রী হিসেবে মমতা শপথ নিয়েছিলেন ৫ মে। সেই হিসাবে তাঁকে ৪ নভেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে রাজ্য বিধানসভায়।