মমতা সরব, দীপা নিশ্চুপ

ভারতের নির্বাচন কমিশনের আসন্ন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্ন ছাড়ার সময় মমতা বলেন, ‘সাত দফার ভোট বিজেপির একটি গেম প্ল্যান। বিজেপিকে সুবিধা করে দিতে এই সাত দফার ভোট। কিন্তু তাতে কিছু হবে না তৃণমূলের। তৃণমূল এই রাজ্যের ৪২টি আসনেই জিতবে।’ মমতা আরও বলেন, নির্বাচন কমিশনের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
মমতা বলেন, ‘তফসিল যা হয়েছে, তা বিজেপির গেম প্ল্যান। বাংলাকে ডিস্টার্ব করা বিজেপির প্ল্যান। কিন্তু আমি খুব খুশি। ওরা এর ফল পাবে। আমরা ৪২টির মধ্যে ৪২টিই জিতব। বাংলাকে অসম্মান করার বিজেপির এই প্ল্যান আমরা নস্যাৎ করে দেব।’ তিনি আরও বলেন, ‘বিজেপি মনে করে, বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে। কিছু বোঝে না। বাংলার মানুষ যে কত বুদ্ধিমান, তা তারা আগে অনেকবার বুঝিয়েছে, এবার আরও বোঝাবে।’
গত রোববার বিকেলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন। ঘোষণায় বলা হয়, এবার নির্বাচন হবে সাত দফায়। শুরু হবে ১১ আগামী এপ্রিল। শেষ হবে ১৯ মে। আর ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে।
তবে পশ্চিমবঙ্গের তফসিলে সন্তুষ্ট হতে পারেনি তৃণমূল। নির্ঘণ্ট ঘোষণার পর পশ্চিমবঙ্গের পৌরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম দলের পক্ষে অসন্তোষ প্রকাশ করেন। বলেন, শুধু সাত দফায় পশ্চিমবঙ্গের নির্বাচনই নয়, রমজানের মধ্যেও নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে। এবারের এই নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনে ভোট নেওয়া হবে সাত দফায়, যা আগে কোনো লোকসভার নির্বাচনে হয়নি। ২০১৪ সালে ভোট নেওয়া হয়েছিল পাঁচ দফায়। অথচ তামিলনাড়ুর ৩৯টি আসনে ভোট নেওয়া হচ্ছে এক দফায়। আবার ত্রিপুরা ও মণিপুরে দুটি করে আসন থাকলেও সেখানে ভোট নেওয়া হচ্ছে দুই দফায়।
রোজার মাসে বহু মানুষ ভোট দিতে পারবেন না—এমনটা মনে করেন ফিরহাদ হাকিম। গতকাল তিনি বলেছেন, ‘রমজানের সময় বহু মানুষ ভোট দিতে পারবেন না। বিজেপি চায় না মুসলিমরা ভোট দিক।’ এর আগে ফিরহাদ হাকিম বলেছেন, ‘এই নির্ঘণ্ট নিয়ে আমরা যারা রাজনীতি করি, আমাদের কোনো অসুবিধা নেই। অসুবিধা সাধারণ মানুষের। এত দিন ধরে ভোট চলবে। রমজানের মধ্যেও ভোট হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ এবং বিহার রাজ্যের সংখ্যালঘু মানুষদের অসুবিধা নিয়ে চিন্তিত।’
রমজান মাসে ভোট নিয়ে তৃণমূলের অভিযোগের জবাব দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, রমজানে ভোট এড়াতে গেলে এক মাস পিছিয়ে যেত ভোটপ্রক্রিয়া। ফলে, নির্দিষ্ট সময়ের মধ্যে গোটা ভোটপ্রক্রিয়া শেষ করা অসম্ভব হয়ে দাঁড়াত। তাই রমজানের বিশেষ দিনগুলোয় ভোট গ্রহণ এড়ানো হয়েছে। তা ছাড়া শুক্রবারে ভোটের তারিখ দেওয়া হয়নি।
তৃণমূলের রমজান নিয়ে ভোট গ্রহণের বিরোধিতার জবাব দিয়েছে এআইএমআই দলের নেতা সাংসদ আসাউদ্দিন ওয়েসি। তিনি বলেছেন, ‘রমজানে ভোট গ্রহণ নিয়ে অহেতুক রাজনীতি করছে কয়েকটি দল। তাদের বলব, নিজেদের রাজনৈতিক লাভের জন্য পবিত্র রমজানকে ব্যবহার করবেন না। রমজানে মুসলিমদের ভোট দিতে কোনো সমস্যা হয় না।’
দীপা দাসমুন্সী বিজেপিতে?
এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে সাবেক সাংসদ ও প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্ত্রী দীপা দাসমুন্সীকে নিয়ে। দীপা চেয়েছিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসনে কংগ্রেসের হয়ে লড়তে। কিন্তু এই আসনের বর্তমান সাংসদ মহম্মদ সেলিম। তিনি সিপিএম দলের সাংসদ। ফলে, কংগ্রেস-বাম দলের আসন সমঝোতা সূত্রে এই আসন পাচ্ছে সিপিএম। এতেই ক্ষুব্ধ হয়েছে কংগ্রেস। তবে আসনটি সিপিএমের হাতে থাকায় এবারও এই আসনে সিপিএম প্রার্থীকে লড়ার নির্দেশ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এদিকে দীপা দাসমুন্সীকে নিয়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি দীপা দাসমুন্সী বিজেপিতে যোগ দিয়ে রায়গঞ্জ আসনে লড়বেন? গতকাল রাতে দীপা দাসমুন্সী দিল্লিতে বিজেপি নেতা অরবিন্দ মেননের বাড়িতে যান—আর এতে এই আশঙ্কা আরও উসকে উঠেছে। এরপরই খবর ছড়িয়ে পড়ে, দীপা দাসমুন্সী বিজেপিতে যোগ দিচ্ছেন।
সংবাদমাধ্যম সূত্রে আজ মঙ্গলবার বলা হয়েছে, বিজেপি নেতা অরবিন্দ মেনন দীপা দাসমুন্সীকে বলেছেন, তাঁকে রায়গঞ্জ আসন থেকেই বিজেপি মনোনয়ন দেবে। তিনি যদি জিততে পারেন এবং বিজেপি সরকার গড়লে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নেওয়া হবে। তবে এ ব্যাপারে দীপা দাসমুন্সীর কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।