মমতাকে গ্রেপ্তার করলে আগুন জ্বলবে
সারদা–কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে বলে হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ইদ্রিস আলী। আজ বুধবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে দলীয় এক সমাবেশে হুমকি দিয়ে তিনি বলেন, ‘সেই আগুনে পুড়ে মরতে হবে অনেককেই।’
সাংসদ আরও বলেন, ‘মমতা শুধু পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা নন, তিনি ভারতবর্ষের অগ্নিকন্যা। নরেন্দ্র মোদিও সামলাতে পারবে না মমতাকে।’ তিনি দাবি করেন, ‘মমতাকে গ্রেপ্তার করা হলে নরেন্দ্র মোদিকেও গ্রেপ্তার করতে হবে।’
ইদ্রিস আলীর সেই মন্তব্যের ভিডিও ফুটেজ আজ কলকাতার বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হলে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
তৃণমূল কংগ্রেসের এই সাংসদ তাঁর এসব বক্তব্যের সমর্থনে বলেন, ‘আমি যা বলেছি, ঠিকই বলেছি। আমি প্রধানমন্ত্রী ও বিজেপির নেতাদের প্রতি অনুরোধ করব রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে (সিবিআই) ব্যবহার করবেন না।’
ইদ্রিস আলীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেছেন, ‘আগুন তো ওরা এই রাজ্যে লাগিয়েই রেখেছে। সেই আগুনের জেরে এই রাজ্যে শিল্প হয়নি। উন্নয়ন হয়নি।’
সিপিএমের নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘ভয় পাচ্ছে তাই ভয় দেখাচ্ছে। ভয়ে তো নিজেরাই নিজেদের আগুনে পুড়ছে।’
কংগ্রেসের নেতা আবদুল মান্নান বলেছেন, ‘যারা চোরেদের পক্ষে কথা বলে, চোরদের পক্ষ নেয়, তারা তো নিজেদের আগুনেই নিজেরা পুড়বে।’