মমতাকে জবাব দিতে আসছেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার দুপুরে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি
গতকাল শনিবার দুপুরে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি।

গতকাল শনিবার দুপুরে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, আগামী বছর ভারতের কেন্দ্রীয় সরকারকে উৎখাতের ডাক দিয়ে সব রাজনৈতিক দল নিয়ে ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানের মহাসমাবেশ করে দিল্লি দখল করবেন। ওই দিনই দেশের বিজেপিবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে ‘ফেডারেল ফ্রন্ট’ গঠন করে দিল্লির মসনদ দখলের প্রত্যয় নিয়ে দেশব্যাপী শুরু করবেন বিজেপি হটানোর আন্দোলন। আন্দোলনের মাধ্যমে বিজেপি হটিয়ে ক্ষমতায় আনা হবে বিজেপিবিরোধী জোটকে।

মমতার এই ঘোষণার পর গতকালই কলকাতার বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা মমতাকে পাল্টা চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, মমতার ১৯ জানুয়ারির মহাসমাবেশের পরই ২৩ জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাল্টা মহাসমাবেশ করে বিজেপি মমতাকে বুঝিয়ে দেবে, তাঁদের দলের আয়ু শেষ হয়ে আসছে।

রাহুল সিনহা জানান, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এবার দেশব্যাপী রথযাত্রা কর্মসূচি পালন করবে বিজেপি। সেই কর্মসূচির সমাপ্তির দিনে ২৩ জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশ করবে বিজেপি। তাতে উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ২৩ জানুয়ারি তাদের ব্রিগেড সমাবেশের পর মমতা বুঝতে পারবেন, তাঁর দলের ওজন কতটা? তিনি আরও বলেন, ‘১৯ জানুয়ারিই হবে মমতার শেষ ব্রিগেড। এরপর কোনো ব্যক্তির বাড়ির উঠানে সভা করতে হবে মমতার। কারণ, তৃণমূল দলটারই আর কোনো অস্তিত্ব থাকবে না। তাই একুশের সভার আর কোনো প্রশ্ন থাকে না।’

গতকাল সমাবেশে মমতা বলেন, ত্রিপুরা মডেল বাংলায় কাজ করবে না। ত্রিপুরায় সিপিএম পচে গেছে। এর জবাবে রাহুল সিনহা বলেন, ত্রিপুরায় সিপিএম পচে গিয়ে থাকলেও এ রাজ্যে তৃণমূল ভাগাড়ে পরিণত হয়েছে। বিজেপি সেই ভাগাড় পরিষ্কারের কাজ করবে।