মমতাকে প্রণবের 'না'

সব কাজ ফেলে অসুস্থ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে দেখতে কলকাতা থেকে নয়াদিল্লি ছুটে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতাকে সাক্ষাতের সুযোগ দিলেন না প্রণব।
সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের এনজিওপ্লাস্টি হয়েছে। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিতে মমতা গতকাল বুধবার রাতে নয়াদিল্লি যান। তবে দিল্লিতে পৌঁছানোর আগেই রাষ্ট্রপতি ভবন থেকে মমতাকে জানিয়ে দেওয়া হয়, তিনি যেন সেখানে না যান।
বিমানবন্দরে নেমে মমতা সাংবাদিকদের বলেন, ‘আমার সমস্ত প্রোগ্রাম বাতিল করে আমি দিল্লি এসেছি। আমাকে বারণ করলেও আমি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দেখা করতে না পারলেও ফুল পৌঁছে দেব তাঁর কাছে।’ তিনি বলেন, ‘হতেই পারে অসুস্থ অবস্থায় দেখা করার ইচ্ছে নেই রাষ্ট্রপতির। কিন্তু গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দেখা করেছেন তাঁর সঙ্গে।’
এ ঘটনার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে গুঞ্জন। বলা হচ্ছে, সারদা কেলেঙ্কারির অস্বস্তি কাটাতে হয়তো মমতাকে এড়িয়ে গেছেন প্রণব মুখোপাধ্যায়।