মমতাকে সরে যাওয়ার পরামর্শ বিজেপি নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপির নেতা সিদ্ধার্থনাথ সিং বলেছেন, মমতার উচিত এখনই ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। যেভাবে তাঁদের নেতারা সারদা কেলেংকারিতে জড়িয়ে পড়ছেন, তাতে তাঁর সরে দাঁড়ানোই ঠিক হবে।

সারদার অর্থ কেলেংকারি নিয়ে মন্তব্য করতে গিয়ে আজ বৃহস্পতিবার বিজেপির নেতা সিদ্ধার্থনাথ সিং এসব কথা বলেন।
এদিকে সিবিআইয়ের চাপে দিশেহারা হয়ে তৃণমূল এবার সিবিআইকে চাপে রাখার জন্য আজ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার সল্টলেকের সিবিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নেয়। এর নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বুকে প্লাকার্ড লাগিয়ে এই অবস্থান বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন।

আইনমন্ত্রীর বিক্ষোভে শামিল হওয়ার ঘটনাকে নিন্দা করেছেন বিরোধী দলের নেতারা। কংগ্রেসের নেতা অরুনাভ ঘোষ বলেছেন, সিবিআইর কাজে বাধা দেওয়া সংসদীয় গণতন্ত্রের পক্ষে একটি অশুভ প্রয়াস। এসব ঘটনায় এই রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারির পথ প্রশস্ত হতে পারে।
অন্যদিকে সারদা গোষ্ঠীর এজেন্ট এবং আমানতকারীরা আজ কলকাতায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। এই মিছিল কলেজ স্ট্রিট থেকে বের হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত যায়। মিছিলকারীরা অবিলম্বে তাঁদের গচ্ছিত টাকা ফেরত দেওয়ার দাবি জানানোর পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে শাস্তি বিধানের দাবি জানান।