মমতাকে হারালেই রাজ্যে উন্নতি আসবে
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, রাজ্যজুড়ে জুলুম চালাচ্ছে তৃণমূল। তৃণমূলের হাতে এই রাজ্য আর নিরাপদ নয়। এই সরকারের পরিবর্তন আশু প্রয়োজন। মমতাকে হারালেই এই রাজ্যে উন্নতি আসবে।
আজ মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের বর্ধমানে বিজেপি আয়োজিত এক জনসভায় অমিত শাহ এ কথা বলেন।
বিজেপির এই নেতা বলেন, মমতার সরকার পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছে। অথচ সাত মাসেই গোটা দেশে মোদি সরকার উন্নয়ন করে দেশের সম্মান বাড়িয়ে দিয়েছে।
অমিত শাহ পশ্চিমবঙ্গে মমতা সরকারকে উৎখাত করে বিজেপির নেতৃত্বে সরকার গড়ারও ডাক দেন। তিনি বলেন, তৃণমূল সরকার বাম আমলের সরকারের চেয়েও খারাপ। তাই এই রাজ্যের মানুষ এই সরকারের হাত থেকে এখন পরিত্রাণ চাইছে। এ সময় তিনি ২০১৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনসভায় বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও পশ্চিমবঙ্গের বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিং বলেছেন, খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতি করছেন। এই কাণ্ডে তৃণমূল জড়িত নয়, এটা প্রমাণের জন্য তথ্যপ্রমাণ লোপাট করতে চাইছে। এই রাজ্যে শিল্প নেই, অথচ বোমা তৈরির শিল্প রয়েছে। তিনি খাগড়াগড়-কাণ্ডে এই রাজ্য থেকে বাংলাদেশে টাকা গিয়েছে বলেও মন্তব্য করেন।