মমতার ক্ষমতায় থাকার এখতিয়ার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকার এখতিয়ার নেই। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় বিজেপি আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে নরেন্দ্র মোদি এ মন্তব্য করেন।
আলিপুরদুয়ারের মাদারিহাটের বীরপাড়া সার্কাস ময়দানে আয়োজিত সভায় কলকাতায় উড়ালসড়ক ধসে মৃত্যু, সারদাকাণ্ড ও নারদ নিউজের ‘স্টিং’ কাণ্ডে জড়িয়ে যাওয়া মমতার সমালোচনা করেন মোদি। তিনি বলেন, মমতার সরকার আজ দুর্নীতির সরকার হয়ে গেছে। মা, মাটি আর মানুষের কথা বলা মমতার সরকার এখন টাকা আর মৃত্যুর কারবার করছে।
নরেন্দ্র মোদি বলেন, সারদা দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের সাজা দিতে চাইলে এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে।
কলকাতার উড়ালসড়ক দুর্ঘটনাকে ‘অ্যাক্ট অব ফ্রড’ (প্রতারণামূলক কাজ) মন্তব্য করে মোদি বলেন, উড়ালসড়ক দুর্ঘটনাকবলিত মানুষকে উদ্ধার করার কথা না বলে মমতা তা নিয়ে রাজনীতি করেছেন। তিনি উড়ালসড়ক নির্মাণের দায় চাপিয়েছেন সাবেক বাম সরকারের ওপর। দিদি বলেছেন, বাম সরকারের আমলে এই উড়ালসড়কের অনুমোদন দেওয়া হয়েছিল। মানুষকে না বাঁচিয়ে বামদের দোষারোপের রাজনীতি করেছেন তিনি।