মমতার ছবি নিয়ে সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রি নিয়ে এখন সরগরম এই রাজ্যের রাজনীতি। সারদা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর অভিযোগ ওঠে, মুখ্যমন্ত্রী মমতার আঁকা একটি ছবি সারদার কর্ণধার সুদীপ্ত সেন এক কোটি ৮৩ লাখ রুপিতে কিনেছিলেন।
সারদা কেলেঙ্কারি নিয়ে দায়ের করা মামলার তদন্ত করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের গত চার বছরের (২০১০-২০১৪) আয়-ব্যয়ের হিসাব চায় সিবিআই। তাতে মমতার ছবি বিক্রি করে কত টাকা আয় করেছে তাঁর দল, তারও হিসাব চায় সিবিআই। গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস সেই হিসাবও পেশ করে সিবিআইর কাছে। তাতে মমতা জানিয়ে দেন, গত চার বছরে তাঁর আঁকা ছবি বিক্রি করে আয় হয়েছে ছয় কোটি ৪৭ লাখ রুপি। এ দিকে ১০ এপ্রিল কলকাতার বড় বাজারের সত্যনারায়ণ পার্কে আয়োজিত নির্বাচনী প্রচারসভায় মমতা জানিয়ে দেন, ছবি বিক্রি করে দলের আয় হয়েছে দুই কোটি রুপির কিছু বেশি। আবার গতকাল রোববার কলকাতার বেলেঘাটায় অন্য এক নির্বাচনী প্রচারসভায় মমতা বলেন, তাঁর আঁকা ৩০০টি ছবি বিক্রি করে আয় হয়েছে নয় কোটি রুপি। এদিন অবশ্য মমতা এ কথাও বলেন, ‘মঞ্চে আমি তিনটি আঁচড় দেব, ১০ লাখ টাকায় বিক্রি হয়ে যাবে। আমার ৩০০ ছবি নয় কোটি টাকায় বিক্রি হয়েছে। ৬০০ ছবি আমি বিনা পয়সায় দিয়েছি।’
এ দিকে আজ সোমবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে বিজেপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা মমতার এই ছবি বিক্রি নিয়ে একহাত নেন। বলেন, ক্ষণে ক্ষণে ছবি বিক্রির হিসাব বদলাচ্ছেন মমতা। এ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন তিনি। তিনি আরও বলেন, এই ছবি বিক্রির হিসাব দিতে হবে মমতাকে। আর এ জন্য তিনি প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন। পাশাপাশি তিনি এই দাবিও করেন, তৃণমূলের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে।