মমতার টুইট, বিজেপির নৈতিক পরাজয় হয়েছে

ভারতের গুজরাট রাজ্যের নির্বাচনী ফলাফলে ‘ভারসাম্যের রায়’ দেওয়ায় ওই রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ টুইটারে তিনি বলেছেন, এই রায়ের ফলে বিজেপির নৈতিক পরাজয় হয়েছে।
তীব্র চ্যালেঞ্জ নিয়ে কংগ্রেস মাঠে নেমে গুজরাট বিধানসভায় জিততে না পারলেও বিজেপিকে দিয়েছে বেগ। গুজরাট বিধানসভার সর্বশেষ ২০১২ সালের নির্বাচনের চেয়ে এবার ভালো ফল করেছে কংগ্রেস। কংগ্রেস গত নির্বাচনের চেয়ে ১৯টি আসন বেশি পেয়েছে। আর অন্যদিকে বিজেপি গত নির্বাচনের চেয়ে ১৬টি আসন কম পেয়েছে। ২০১২ সালের নির্বাচনে ১৮০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ১১৫টি আসন আর কংগ্রেস পেয়েছিল ৬১টি। এবার বিজেপি পেয়েছে ৯৯টি আর কংগ্রেস ৮০টি।
এই নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় বলেছেন, ‘গুজরাটবাসী ভারসাম্যের রায় দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। এই ফলাফল অস্থায়ী এবং মুখ বাঁচানোর জয়। এই ফলাফলে বিজেপির নৈতিক পরাজয় স্পষ্ট। এই ফলাফল সাধারণ মানুষের ওপর অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে গুজরাটবাসীর রায়। ২০১৯ সালের আগে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধল গুজরাটবাসী।’