মমতার দলে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের ভাঙন আর জনমতে অবিশ্বাস ঠেকাতে ব্যর্থ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজনৈতিক সংকটে আছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেস ও রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন সৃঞ্জয় বসু। সকালে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। পরে ইস্তফা দেন রাজ্যসভার সাংসদ পদ থেকেও। সৃঞ্জয় বসুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে। এর আগে সকালে মমতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে।
সিবিআই গ্রেপ্তার করার পর বুধবার সারদা কেলেঙ্কারিতে জামিন পান সৃঞ্জয়। জামিন লাভের পরদিনই তৃণমূল ছাড়লেন তিনি। তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন আলিপুর আদালতের জেলা ও দায়রা বিচারক। মোট এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে মঞ্জুর হয় তাঁর জামিন। তিনটি শর্তে জামিনের প্রার্থনা মঞ্জুর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের রাজ্যসভার এই সাংসদের। প্রথমত দেশের বাইরে যেতে পারবেন না সৃঞ্জয়। দ্বিতীয়ত তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে ও তৃতীয়ত তদন্তের গতিপ্রকৃতি কোনোভাবে প্রভাবিত করতে পারবেন না তিনি।
এই তিন শর্তসাপেক্ষে ও বন্ডের বিনিময়ে আড়াই মাস পরে জেলখানার বাইরে এলেন কলকাতা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা সংবাদ প্রতিদিন–এর সম্পাদক তথা স্বপনসাধন বসুর পুত্র সৃঞ্জয়। তিনিই তৃণমূলের প্রথম নেতা, যিনি সারদা কেলেঙ্কারিতে জামিন পেলেন ।
পরিবহনমন্ত্রী মদন মিত্র তৃণমূলের সাবেক সাংসদ কুণাল ঘোষ ও তৃণমূলের নেতা রজত মজুমদার এই মামলায় এখনো কারাগারে আছেন।

অভিনেত্রী লকেট বিজেপিতে
অন্যদিকে অভিনেত্রী লকেট তৃণমূল ছেড়ে চলে এলেন বিজেপিতে। আজ বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার উপস্থিতিতে দল পরিবর্তনের সিদ্ধান্ত ঘোষণা করলেন অভিনেত্রী লকেট। সেই সঙ্গে জানালেন তৃণমূল ছাড়ার কারণও। লকেটের কথায়, তৃণমূলের সঙ্গে মিলছিল না তাঁর নীতি ও আদর্শ। দম বন্ধ লাগছিল। তাই মুক্ত আকাশের খোঁজে চলে এলেন বিজেপিতে । তাঁর মনে হয়েছে, বিজেপি কাজ করার উপযুক্ত মঞ্চ।
সারদা প্রসঙ্গে এই অভিনেত্রী বললেন, এই কেলেঙ্কারিতে দুর্নীতি ও অবিশ্বাস জন্মে গেছে তৃণমূলে। দলে থেকে প্রতিবাদ করা যাচ্ছে না। তাই দল ত্যাগ করে প্রতিবাদ করছেন উনি। তাঁর সিদ্ধান্তে পরিবারের পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছেন লকেট। গত বছর রাজ্য মহিলা কমিশনের সদস্য হন লকেট। সেই সদস্যপদও তিনি ত্যাগ করছেন। কারণ তাঁর বিবেক বলছে তৃণমূল ছাড়লে কমিশনও ছাড়া উচিত। তাই বিজেপিতে থেকেও মহিলা কমিশনে থাকতে পারবেন জেনেও বিবেকের ডাক শুনে সদস্যপদ ত্যাগ করছেন টালিগঞ্জের এই ব্যস্ত অভিনেত্রী।