মমতার নজর এবার ত্রিপুরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ফাইল ছবি

পশ্চিমবঙ্গের পর এবার ভারতের দ্বিতীয় বাঙালি–অধ্যুষিত ত্রিপুরা রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে নজর দিয়েছে  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গে তৃণমূলের বিপুল বিজয়ের পর এবার তাদের জিততে হবে ত্রিপুরা রাজ্যেও।

যদিও ত্রিপুরা রাজ্যটি ছোট একটি রাজ্য। এখানে বিধানসভার আসন মাত্র ৬০টি। এখন এই রাজ্যের ক্ষমতায় আছে বিজেপি। গত ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে একটানা ২০ বছর ক্ষমতায় থাকা বামফ্রন্টকে পরাস্ত করে ক্ষমতায় এসেছে বিজেপি।

এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের পর মমতা ত্রিপুরা দখলের স্বপ্ন দেখা শুরু করেন। মমতার লক্ষ্য যেভাবেই হোক পশ্চিমবঙ্গের ন্যায় বাঙালি–অধ্যুষিত এই ত্রিপুরা রাজ্যে বিজেপিকে হটাতে হবে। আর এই লক্ষ্য নিয়ে মমতা এবার দৃষ্টি দিয়েছেন ত্রিপুরায়। সেই সঙ্গে মমতার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তো সুপ্ত অবস্থায় রয়েছেই। তাই তো দিল্লির গদি থেকে মোদিকে হটানোর লক্ষ্যে মমতা শুরু করেছেন ‘মোদি হটাও’ আন্দোলন।

বিজেপিকে হটানোর লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের ত্রিপুরায় পাঠানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ সেখানে গেছেন। তাঁরা ত্রিপুরায় গিয়ে বিজেপির কিছু নেতাকে দল ভাঙিয়ে নিয়ে এসেছেন তৃণমূল কংগ্রসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন ত্রিপুরায় বিজেপি বিরোধী নেতাদের সঙ্গে।

ত্রিপুরা গিয়ে অভিষেক বলেছেন, বিজেপি থেকে এই ত্রিপুরায় বামফ্রন্টের জমানা ভালো ছিল। তাই এবার এই ত্রিপুরায় বিজেপিকে হটিয়ে তৃণমূলকে ক্ষমতায় আনতে হবে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়ে রাজ্যের শাসকদল বিজেপির বাধার সম্মুখীন হন। তবুও তিনি ত্রিপুরার ঐতিহাসিক ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন। সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ত্রিপুরায় বিজেপির সময় শেষ হয়ে আসছে, ক্ষমতায় আসছে তৃণমূল।

এদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ গত বৃহস্পতিবার ত্রিপুরায় গিয়ে দেখা করেছেন ত্রিপুরার মহারাজা তিপ্রারা প্রদ্যোত কিশোর দেববর্মার সঙ্গে। রাজনৈতিক মহলের খবর, কুণাল ঘোষ আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী একটি মহাজোট গঠনেরও কথা বলেন। সেখানে মহারাজা জানিয়ে দেন, তাদের আইপিএফটির সেই দলের সঙ্গে নির্বাচনী জোট গড়বে, যারা তাদের দাবি মেনে নেবে। এই দাবি হলো, পৃথক তিপ্রাল্যান্ড। যদিও এ ব্যাপারে মুখ খোলেননি মহারাজা বা কুণাল ঘোষ।

ত্রিপুরা বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৩ সালে। মহারাজা এর আগে ছিলেন ত্রিপুরা রাজ্য কংগ্রেসের সভাপতি। এখন তিনি ত্রিপুরার তিপ্রা সংগঠনের চেয়ারম্যান। একসময় এই তিপ্রার সমর্থক জনজাতিরা ভোট দিত ত্রিপুরার বামফ্রন্টকে। এখন তাঁরা ভিড়ে গেছেন নিজেদের গড়া সংগঠন ত্রিপুরায়। ত্রিপুরার মোট জনসংখ্যার ৩১ শতাংশ জনজাতি সম্প্রদায়ভুক্ত। আর বাকি ৬৯ শতাংশ অন্যান্য বাঙালি–অধ্যুষিত। এই রাজ্যের ৬০টি আসনের মধ্যে ২০টি আসনও জনজাতি–অধ্যুষিত।

ত্রিপুরার বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার
ছবি: প্রথম আলো

ত্রিপুরার সর্বশেষ বিধানসভার নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি। ওই নির্বাচনে ত্রিপুরার ৬০টি আসনের মধ্যে ৫৯টি আসনের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বিজেপি ৩৬, সিপিএম ১৬ এবং আঞ্চলিক দল আইপিএফটি পেয়েছিল ৭টি আসন। সরকার গড়ে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বিজেপির নেতা বিপ্লব কুমার দেব।

এদিকে ভারতের ভোট কুশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোরের সমীক্ষা সংস্থা আইপ্যাক ত্রিপুরায় গিয়ে এক সমীক্ষা চালিয়ে বলেছে, ত্রিপুরার সাধারণ মানুষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রচুর সমর্থন থাকলেও এখনো ওই রাজ্যে ত্রিপুরার বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিকল্প তৈরি হয়নি। এ জন্য তৃণমূলকে আরও খাটতে হবে। আইপ্যাক এখন ত্রিপুরার বিধানসভার নির্বাচন নিয়ে সমীক্ষা চালাচ্ছে।