মমতার নাক কাটার হুমকি বিজেপি নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্জয় লীলা বানসালির পদ্মাবতী ছবির মুক্তি নিয়ে ভারতজুড়ে বিতর্কের মধ্যে শুক্রবার পশ্চিমবঙ্গে চলচ্চিত্রটিকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরদিন শনিবার হরিয়ানা রাজ্যের বিজেপি নেতা সুরুজ পাল অমু মমতার নাক কেটে দেওয়ার হুমকি দিয়েছেন।

তিনি মমতাকে রাবণের বোন সূর্পণখার সঙ্গেও তুলনা করেন। হিন্দুধর্মের পৌরাণিক কাহিনি মতে, সূর্পণখার নাক কেটে দিয়েছিলেন রামের ভাই লক্ষ্মণ।

মমতাকে হুমকি দেওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, ‘এটা মানা যায় না। দুঃখজনক ঘটনা। ওদের সংস্কৃতি তো এটা।’ কবি সুবোধ সরকার বলেছেন, ‘যাদের শিক্ষা-দীক্ষা নেই, দেশের প্রতি ভালোবাসা নেই, তাদের মুখে এ কথা মানায় না। দেশে কি তারা গণতন্ত্র রাখবে না?’

ছবিটির মুক্তির বিরুদ্ধে কয়েকটি রাজ্যে প্রতিবাদ চলছে। গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাবসহ বিভিন্ন রাজ্যে এই ছবি মুক্তির ওপর রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। এই পরিস্থিতিতে মমতা পশ্চিমবঙ্গে পদ্মাবতী ছবি মুক্তি দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, পশ্চিমবঙ্গে পদ্মাবতীকে স্বাগত। কলকাতাতেই হোক পদ্মাবতী ছবির প্রিমিয়ার। তিনি পদ্মাবতীর পরিচালকসহ পুরো টিমকে কলকাতায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে ২০ নভেম্বর পদ্মাবতী নিয়ে এক টুইটার বার্তায় মমতা বলেছিলেন, ‘পদ্মাবতী নিয়ে বিতর্ক দুর্ভাগ্যজনক। নির্দিষ্ট একটি রাজনৈতিক দল পরিকল্পনা করে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের চেষ্টা করছে।’

মুখ খুললেন উপরাষ্ট্রপতি
এদিকে ছবিটি নিয়ে চলমান বিতর্কের মধ্যে মুখ খুললেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। পদ্মাবতী ছবির নাম সরাসরি উল্লেখ না করে তিনি বললেন, ‘এর নাক কাটব, ওর মুণ্ড কাটব, এ জন্য পুরস্কার দেব, গণতন্ত্রে এসব বরদাশত করা হয় না। দেশের আইন এভাবে কেউ নিজের হাতে তুলে নিতে পারে না।’ উপরাষ্ট্রপতি অবশ্য এ কথাও মনে করিয়ে দিয়েছেন, কারও মনোভাব বা বিশ্বাসে আঘাত দেওয়াও ঠিক নয়। গণতান্ত্রিক দেশে এ বিষয়ে সজাগ থাকা প্রয়োজন।

রাজধানী দিল্লিতে গতকাল শনিবার এক সাহিত্য উৎসবের উদ্বোধন করে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু পদ্মাবতী বিতর্ক সম্পর্কে বলেন, ‘সিনেমা নিয়ে এ এক নতুন সমস্যা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, কোনো কোনো সিনেমা বিশ্বাসে আঘাত দিচ্ছে। কেউ কেউ আবার সে জন্য কোটি কেটি টাকার পুরস্কার দেবেন বলে জানাচ্ছেন। এত টাকা তাঁরা কোথা থেকে পান জানা নেই। তবে গণতান্ত্রিক দেশে এসব চলতে পারে না। প্রতিবাদ করুন। প্রতিরোধ করুন। কর্তৃপক্ষের কাছে দরবার করুন। কিন্তু আইন হাতে তুলে নিতে পারেন না। ধামকি দেওয়া বা ভয় দেখানো চলতে পারে না।’

পদ্মাবতী নিয়ে ঘটনার অন্তহীন ঘনঘটা। বিভিন্ন রাজ্য সিনেমাটি নিষিদ্ধ করেছে। শুক্রবারই রাজস্থানে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের কাছে পাথরে পদ্মাবতী নিয়ে প্ররোচনামূলক কথাবার্তা লেখা ছিল। এ অবস্থায় ‘ইন্ডিয়ান ফিল্মস অ্যান্ড টিভি ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন’ (আইএফটিডিএ) পদ্মাবতী ও তার পরিচালক সঞ্জয় লীলা বানসালির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সংগঠনের সঙ্গে যোগ দিয়েছে সারা দেশের অন্য ২০টি সংগঠন।