মমতার নাক কাটার হুমকিদাতা সেই নেতার পদত্যাগ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদ্মাবতী ইস্যুতে নাক কেটে দেওয়ার হুমকিদাতা সেই বিজেপি নেতা পদত্যাগ করেছেন। আজ বুধবার হরিয়ানার বিজেপি নেতা সুরুজ পাল অমু রাজ্যের বিজেপির চিফ মিডিয়া কো-অর্ডিনেটর পদ থেকে পদত্যাগপত্র দিয়েছেন শীর্ষ নেতার কাছে।
সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির মুক্তি নিয়ে একটি রাজনৈতিক দলের ইন্ধনে গোটা দেশ যখন তোলপাড় হচ্ছে, তখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘পদ্মাবতী’র পাশে দাঁড়ান। গত শুক্রবার তিনি ঘোষণা দিয়েছিলেন, পশ্চিমবঙ্গে ‘পদ্মাবতী’কে স্বাগত। মমতা আরও বলেছিলেন, কলকাতায়ই হোক ‘পদ্মাবতী’র প্রিমিয়ার। মুখ্যমন্ত্রী মমতা কলকাতায় ‘পদ্মাবতী’র পরিচালকসহ পুরো টিমকে আমন্ত্রণও জানিয়েছিলেন।
এরপরেই হরিয়ানার ওই বিজেপি নেতা সুরুজ পাল অমু মমতাকে হুমকি দিয়ে বলেন, তাঁর নাক কেটে দেওয়া হবে। তিনি মমতাকে রাবণের বোন সূর্পণখার সঙ্গেও তুলনা করেন। বলেন, কিছু নারীর রাক্ষসী প্রবৃত্তি থাকে। যেমন রাবণের বোন সূর্পণখার ছিল। সূর্পণখার নাক কেটে তার চিকিৎসা করেছিলেন রামের ভাই লক্ষ্মণ। মমতা যেন সে কথা না ভোলেন। শুধু তা-ই নয়, এর আগে ওই নেতা ‘পদ্মাবতী’র রানি দীপিকা পাড়ুকোন এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির মাথা কাটার জন্য ১০ কোটি রুপি পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন।
বানসালির ভক্তরা এই বিজেপি নেতা সুরুজ পাল অমুর বিরুদ্ধে গুরুগাঁও থানায় একটি মামলা করেছেন।