মমতার প্রশংসা করে বিপাকে পড়া সিপিএম নেত্রীর পাশে বসুন্ধরা গোস্বামী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে নিজ দলের সমালোচনার মুখে পড়েছেন সিপিএম নেত্রী অজন্তা বিশ্বাস। বিরোধী দলের প্রধানের প্রশংসায় মাতায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অজন্তার পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের বিরোধীপক্ষ আরএসপির সাবেক রাজ্য সম্পাদকের মেয়ে বসুন্ধরা গোস্বামী। সিপিএম ‘কূপমণ্ডুকের রাজনীতি’ করছে বলেও উল্লেখ করেছেন তিনি।
সম্প্রতি তৃণমূলের দৈনিক পত্রিকা ‘জাগো বাংলায়’ ‘বঙ্গ রাজনীতির নারীশক্তি’ শীর্ষক একটি ধারাবাহিক লেখেন সিপিএমের অধ্যাপক ও গবেষক সংগঠনের সদস্য অজন্তা বিশ্বাস। লেখাগুলোতে তিনি মমতাকে ‘দিদি, জননেত্রী, অগ্নিকন্যা’ বলে সম্বোধন করেন। লেখায় মমতার প্রশংসা নিয়ে সিপিএমে বিতর্কের সৃষ্টি হয়। কেন এমন লেখা, জানতে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি।
অজন্তাকে নিয়ে সিপিএমের এই সমালোচনার জবাব দিয়ে গত সোমবার জাগো বাংলায় লিখেছেন বামফ্রন্টের শরিক দল আরএসপির সাবেক রাজ্য সম্পাদক এবং রাজ্যের সাবেক মন্ত্রী ক্ষিতি গোস্বামীর বড় মেয়ে বসুন্ধরা গোস্বামী।
পত্রিকার সম্পাদকীয় পাতায় বসুন্ধরা লেখেন, ‘জনবিচ্ছিন্ন সিপিএম নেতারা স্তালিনীয় কায়দায় অজন্তা বিশ্বাসের একটি নিরপেক্ষ লেখা নিয়ে অনুশাসনের নামে কূপমণ্ডুকের রাজনীতি করতে ব্যস্ত। চিন্তাভাবনাকে সময়োপযোগী করার চেষ্টা নেই সিপিএমের। অজন্তার প্রতি সিপিএম নেতৃত্ব যে মনোভাব ব্যক্ত করেছেন, সেই মনোভাবের কারণেই রাজ্যের বিধানসভা নির্বাচনে বামরা শূন্য হয়েছে।’
বসুন্ধরা আরও লেখেন, ‘আমি অজন্তা বিশ্বাসকে লক্ষ্য করে সিপিএমের অতিসক্রিয়তার প্রতিবাদ করছি। এই ধরনের মানসিকতা ও কাণ্ডকারখানার মাধ্যমে বাংলার বামপন্থী শক্তিকে শেষ করেছে সিপিএম।’
যদিও বসুন্ধরার এই বক্তব্যকে সমর্থন করেনি আরএসপির রাজ্য নেতৃত্ব। দলের বর্তমান রাজ্য সম্পাদক মনোজ ভট্টাচার্য বলেছেন, ‘ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামী কোনো দিন আরএসপি অথবা দলের ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। উনি স্তালিনবাদের কী বোঝেন? তাঁর বক্তব্যের সঙ্গে দল একমত নয়।’