মমতার বাড়িতে ছিল সারদা কেলেঙ্কারির অর্থ!
ভারতে আলোচিত সারদা কেলেঙ্কারির অর্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছিল বলে অভিযোগ করেছেন এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কুণাল ঘোষ।
গতকাল সোমবার কলকাতার আদালতে দাঁড়িয়ে বিচারকের সামনে প্রকাশ্যে এমন অভিযোগ করেন তৃণমূলের বহিষ্কৃত এই সাংসদ।
আদালতে কুণাল দাবি করেন, ‘সারদার কর্ণধার সুদীপ্ত সেন যখন পালিয়েছিলেন, তখন ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাখা ছিল সারদার টাকা। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই সেই টাকা বিলি হয়েছিল সুদীপ্ত সেনের চ্যানেল চালানোর জন্য।’
একই দিন একসঙ্গে কলকাতার নগর দায়রা আদালতে হাজির ছিলেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। বিচারক অরবিন্দ মিশ্রের আদালতে সুদীপ্ত ও কুণাল বিতর্কে জড়িয়ে পড়েন।
সুদীপ্ত দাবি করেন, সারদার কোনো বিষয় নিয়ে মিথ্যা বলেননি তিনি। প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদে প্রযুক্তি ব্যবহার করা হোক। তখন কুণাল বলেন, ‘আদালতের সামনে আমাকে সত্য বলতে দিন।’ এভাবে দুজনের মধ্যে কথা-কাটাকাটিতে উপস্থিত আইনজীবীরা বিরক্ত হন।
কুণালের বক্তব্যকে শতাব্দীর সেরা কৌতুক বলে অভিহিত করেছেন তৃণমূলের মহাসচিব ও পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।