মমতার বিরুদ্ধে দালিলিক প্রমাণ আছে: কুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের সারদা কেলেঙ্কারিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জড়িত থাকার বিষয়ে দালিলিক তথ্যপ্রমাণ আছে বলে দাবি করেছেন ওই মামলায় গ্রেপ্তার হওয়া কুনাল ঘোষ।
গতকাল সোমবার কলকাতার নগর দায়রা আদালতে এমন দাবি করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত এই সাংসদ। সারদা কেলেঙ্কারির একটি মামলার শুনানিতে তাঁকে অরবিন্দ কুমার মিশ্রের আদালতে হাজির করা হয়।
শুনানিকালে আদালতে কিছু বলার জন্য আবেদন করেন কুনাল। প্রথমে আদালত অনুমতি দেননি। বারবার আবেদনের পর তাঁকে কথা বলার অনুমতি দেওয়া হয়। এ সময় কুনাল বলেন, সারদা মিডিয়া থেকে সব থেকে বেশি যদি কেউ সুবিধা নিয়ে থাকেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। এখন মমতা নিজেকে বাঁচাতে নানা পন্থা নিয়েছেন।
কুনাল দাবি করেন, সারদাকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ও তৃণমূল কগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় জড়িত। তাঁদের জড়িত থাকার বিষয়ে নির্দিষ্ট দালিলিক তথ্যপ্রমাণ তাঁর কাছে আছে। সেই সব দালিলিক প্রমাণ কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) কাছে তুলে দিতে চান তিনি। এ জন্য আদালতের কাছ থেকে নির্দেশনার আবেদন জানান কুনাল।
আদালতে কুনাল অভিযোগ করেন, পুলিশ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করছে। পুলিশ কাউকে খাতির-যত্ন করছে, আর তাঁকে গলাধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কোনো কথা বলতে দিতে চাইছে না।
কুনাল বলেন, ‘যাঁদের রাজনৈতিক ক্ষমতা ও অর্থ আছে, তাঁদের জেল হেফাজত এক রকম, আর আমার জেল হেফাজত অন্য রকম। আমি জেলে, আর কেউ কেউ হোটেলে।’
এই বৈষম্যের অবসান চেয়ে বিচারকের কাছে আবেদন জানান কুনাল।
বিকেলে এক নির্দেশে বিচারক বলেন, সিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তারা কারাগারে গিয়ে কুনালের জবানবন্দি রেকর্ড করবেন।
মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২ জানুয়ারি।