মমতার বিরুদ্ধে নাটক, কলাকুশলী বিধায়কেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার পশ্চিমবঙ্গে কলকাতায় রাজ্য বিধানসভা চত্বরে দুটি ঘটনা ঘটেছে। একটি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের বিরুদ্ধে কংগ্রেস-বামদলীয় বিধায়কদের পথনাটিকা পরিবেশন। অন্যটি স্থানীয় রাজনৈতিক দল এসইউসিআই-ডিএসওয়ের পশ্চিমবঙ্গের স্কুলে পাস-ফেল প্রথা ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ।

আজ সকালে বিধানসভার অধিবেশন শুরু হলে কংগ্রেস-বামদলের বিধায়কেরা অধিবেশন বয়কট করে বাইরে বেরিয়ে আসেন। এরপর তাঁরা বিধানসভা চত্বরে মমতার অপশাসন এবং সারদা, নারদ, রোজভ্যালি দুর্নীতি-কাণ্ড নিয়ে একটি পথনাটিকা পরিবেশন করেন। এটি পরিচালনা করেন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। এই পথনাটকে তুলে ধরা হয় তৃণমূল অপশাসনের নানা দিক।
অন্যদিকে পশ্চিমবঙ্গের স্কুলের পাস-ফেল প্রথা ফের চালুর দাবিতে আজ এসইউসিআই ও ডিএসওয়ের কর্মী-সমর্থকেরা বিধানসভা গেটে এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে পুলিশ এসে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। তারা লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় বিক্ষোভকারীর একজনের মাথা ফেটে যায়। পরে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে পুলিশ ভ্যানে করে কলকাতার পুলিশ হেডকোয়ার্টার লালবাজারে নিয়ে যায়।