মমতার মন্ত্রিসভার সদস্য বিজেপিতে!
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য মঞ্জুলকৃষ্ণ ঠাকুর বিজেপিতে যোগ দিলেন। মাত্র ৩ বছর ৮ মাসের শাসনেই মমতার মন্ত্রিসভায় ভাঙন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।
দীর্ঘ বাম শাসনের পর ২০১১ সালের মে মাসে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে মমতার তৃণমূল কংগ্রেস। তখন মমতার গঠিত মন্ত্রিসভায় উদ্বাস্তু কল্যাণ ও পুনর্বাসনমন্ত্রী হন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। গতকাল তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেন ছেলে সুব্রত ঠাকুরও।
গতকাল বিকেলে কলকাতায় বিজেপির রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের দলে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। এ সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও সুব্রত ঠাকুর। মঞ্জুলের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে দলের রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, ‘আজ থেকে শুরু হলো তৃণমূলের এই ভাঙনযাত্রা।
রাহুল সিনহা দাবি করেন, যোগদানের তালিকায় তৃণমূল কংগ্রেসের আরও বেশ কয়েকজন নেতা, মন্ত্রী ও বিধায়ক রয়েছেন।
বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর বলেন, ‘তৃণমূলে ভালো মানুষের জায়গা নেই। গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কাজ করতে দেওয়া হয়নি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছেমতো কাজ করেন। নীতিবিরুদ্ধ কাজ করেন।’