মমতার মন্ত্রিসভায় নতুন মুখ ১৫ জন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো কাল শুক্রবার কলকাতার প্রশস্ত রেড রোডে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের জমকালো মঞ্চে কাল কারা শপথ নেবেন, তার একটি তালিকা আজ বৃহস্পতিবার রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীকে দিয়েছেন তিনি। শপথ গ্রহণের পর বিকেল সাড়ে চারটার দিকে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে।
গণমাধ্যমের খবরে জানা গেছে, ৪২ সদস্যের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন তিনি। এবারের মন্ত্রিসভায় নতুন আসছেন ১৫ জন। এঁরা হলেন শুভেন্দু অধিকারী, আবদুর রেজ্জাক মোল্লা, শোভন দেব চট্টোপাধ্যায়, সিদ্দিকুল্লা চৌধুরী, ইন্দ্রনীল সেন, সন্ধ্যারানী টুডু, গোলাম রাব্বানি, রবীন্দ্রনাথ ঘোষ, অসীমা পাত্র, জাকির হোসেন, চূড়ামণি মাহাতো, বাচ্চু হাঁসদা, জেমস কজুর, লক্ষ্মীরতন শুক্লা, তপন দাশ গুপ্ত।
মন্ত্রিসভায় যাঁরা থাকছেন
মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অমিত মিত্র, মন্টুরাম পাখিরা, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় (মেয়র ও মন্ত্রী একসঙ্গে), শুভেন্দু অধিকারী, পূর্ণেন্দু বসু, সাধন পাণ্ডে, রবীন্দ্রনাথ ঘোষ, শান্তিরাম মাহাত, রেজ্জাক মোল্লা, চূড়ামণি মাহাত, মলয় ঘটক, সৌমেন মহাপাত্র, গৌতম দেব, লক্ষ্মীরতন শুক্লা, গিয়াসউদ্দিন মোল্লা, রাজীব বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, সিদ্দিকুল্লা চৌধুরী, স্বপন দেবনাথ, অসীমা পাত্র, শোভন দেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসু, জাকির হোসেন, বাচ্চু হাঁসদা, অরূপ রায়, অবনি জোয়ারদার, জাভেদ খান, বিনয়কৃষ্ণ বর্মণ, চন্দ্রনাথ সিনহা, আশিস ব্যানার্জি, শশী পাঁজা, উজ্জ্বল বিশ্বাস, তপন দাশ গুপ্ত, জেমস কুজুর, সন্ধ্যা রানি টুডু, গোলাম রব্বানি।
রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকার কথা রয়েছে। এঁরা হলেন বিহারের নিতীশ কুমার, উত্তর প্রদেশের অখিলেশ যাদব, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রমুখ। বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শপথ গ্রহণে উপস্থিত থাকবেন। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন। তিনিও শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন।
এদিকে নির্বাচনে ২১১ আসনে জয়ী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিফোনে অভিনন্দন জানিয়েছিলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। তখন ওই দুজনকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মমতা। দুজনেরই আগামীকালের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।