ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪২ সদস্যের মধ্যে ২৫ জন অর্থাৎ ৫৭ শতাংশই কোটিপতি। তাঁদের ৯ জন ফৌজদারি মামলার আসামি। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সম্পত্তি সম্পর্কে দেওয়া তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা প্রতিবেদন দিয়েছে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস।
সমীক্ষায় বলা হয়, এই মন্ত্রিসভার নয়জন মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। তাঁদের তিনজনের বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টা, অপহরণ ও অশান্তি সৃষ্টির মতো গুরুতর অভিযোগ। সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে আসানসোলের বিধায়ক ও মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মামলার সংখ্যা ছয়। মন্ত্রিসভায় টাকার অঙ্কে সবচেয়ে ধনী মুর্শিদাবাদের জঙ্গীপুর থেকে নির্বাচিত বিধায়ক ও শ্রম প্রতিমন্ত্রী বিড়ি ব্যবসায়ী জাকির হোসেন। তাঁর সম্পত্তির পরিমাণ ২৮ কোটি রুপির সমান। এ ছাড়া দুর্যোগ মোকাবিলা দপ্তরের মন্ত্রীর ১৭, অর্থমন্ত্রীর ১১, পানিসম্পদ অনুসন্ধান মন্ত্রীর ৭, দমকল-আবাসনমন্ত্রীর ৬ এবং তথ্য ও সংস্কৃতি, পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও আদিবাসী উন্নয়নমন্ত্রীর প্রত্যেকের ৫ কোটি রুপির সম্পত্তি রয়েছে।