মমতার মন্ত্রীর আপত্তিকর মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এক জ্যেষ্ঠ মন্ত্রী রাজ্যের বিরোধী বাম দলের নারী কর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এ নিয়ে রাজ্যে সমালোচনা শুরু হয়েছে। বিব্রতকর অবস্থায় পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ মঙ্গলবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী স্বপন দেবনাথ বর্ধমানে এক সভায় ওই আপত্তিকর মন্তব্য করেন।
মূলত তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দল কীভাবে গুজব রটায় তা বর্ণনা করতে গিয়ে স্বপন বলেন, ‘আমরা বলি, পদোন্নতির জন্য একজন পুলিশ কর্মকর্তা তাঁর নিজের ছেলেকে গ্রেপ্তার করেন। একইভাবে আমরা জানি, সিপিআই-এমের নারী শাখার অনেক নেত্রী তাঁদের নিজেদের ব্লাউজ নিজেরা ছেঁড়েন এবং অন্যদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তোলেন।’
স্বপনের এ কথায় সভায় উপস্থিত জনতা হাততালি দেন। এর পর তৃণমূলের ওই মন্ত্রী বাম দলের নারী কর্মীদের উদ্দেশে বলেন, ‘তাঁরা যদি ঘরে তাঁদের স্বামীদের সঙ্গে বিবাদ করেন এবং হামলার শিকার হন, তার জন্য তাঁরা তৃণমূলের লোকজনকে দায়ী করবেন।’
নারীদের নিয়ে স্বপনের এই আপত্তিকর মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর মন্ত্রীর এই মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দাবি করেছে বিরোধী বাম দল।