আলোচনায় সরব মায়াবতী, জয়া, রূপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়াবতী, জয়া, রূপা
মায়াবতী, জয়া, রূপা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কেউ কেটে আনলে ‘পুরস্কার’ হিসেবে তাঁকে ১১ লাখ রুপি দেওয়া হবে—ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুবনেতা যোগেশ ভার্সনের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন সাংসদেরা।

আজ বুধবার রাজ্যসভায় তৃণমূলের পক্ষে ছিল সমাজবাদী পার্টি (সপা), বহুজন সমাজবাদী পার্টিসহ (বিএসপি) বিভিন্ন বিরোধী দল। এ মন্তব্যের কারণে জয়া বচ্চন তীব্র আক্রমণ করেন বিজেপিকে। কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি জানান, এমন মন্তব্য যদি সত্যিই কেউ করে থাকেন, তা হলে রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এ ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সমালোচনা করেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।

গতকাল মঙ্গলবার উত্তর প্রদেশের আলীগড়ে যোগেশ ভার্সনে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা যে কেটে আনবে, ওই ব্যক্তিকে আমি ১১ লাখ রুপি পুরস্কার দেব।’ তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে মমতা তাঁর রাজ্যে সরস্বতীপূজা করতে দেন না, রামনবমী ও হনুমানজয়ন্তীতে সমাবেশ করতে দেন না। তিনি মুসলমান সম্প্রদায়ের তোয়াজ করে যাচ্ছেন। তাই তিনি চরম শাস্তি পাওয়ার যোগ্য।

তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় রাজ্যসভায় আজ বিষয়টি উত্থাপন করেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত একজন মুখ্যমন্ত্রীর মাথা কেটে নেওয়ার জন্য পুরস্কার ঘোষণা হিংসাত্মক রাজনীতি এবং সন্ত্রাস কায়েমের উদাহরণ বলে মন্তব্য করেন সুখেন্দু শেখর। যুবনেতা যোগেশ ভার্সনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন তিনি।

রাজ্যসভায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, যদি কেউ এমন মন্তব্য কেউ করে থাকেন, তা হলে সংশ্লিষ্ট রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

সংসদে বিএসপির প্রধান মায়াবাতীও এ মন্তব্যের তীব্র নিন্দা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে, তাকে ভয়ংকর বলে আখ্যা দেন মায়াবতী। সপা সাংসদ জয়া বচ্চনের আক্রমণ ছিল আরও ধারালো।

জয়া বচ্চন বলেন, একজন নারী সম্পর্কে কথা বলার সময় কীভাবে কথা বলা উচিত, সেই বোধ বিজেপি নেতাদের কি আদৌ আছে? তিনি আরও বলেন, ‘আমরা গরুকে নিরাপত্তা দিতে পারি, কিন্তু নারীদের সুরক্ষা নিশ্চিত করতে পারি না।’ তবে জয়া বচ্চনের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপি সাংসদেরা।

এদিকে নারী রাজনীতিকদের নিরাপত্তার কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভাবেন কি না, এমন প্রশ্ন তোলেন রূপা গঙ্গোপাধ্যায়। সংসদে প্রচণ্ড উত্তেজিত হয়ে রূপা বলেন, ‘আমি নিজে পুলিশের উপস্থিতিতে একাধিকবার আক্রান্ত হয়েছি। পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে।’ পশ্চিমবঙ্গের নারী মুখ্যমন্ত্রী নিজেই নারীদের নিরাপত্তা দিতে জানেন না বলে অভিযোগ করেন রূপা।

গতকাল মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় হনুমানজয়ন্তী পালন করে বিজেপি। তবে পশ্চিমবঙ্গের সিউড়িতে অনুমতি না নিয়ে মিছিল করায় পুলিশ বিজেপির কর্মী-সমর্থকদের ওপর লাঠিপেটা করে। আর এতেই ক্ষিপ্ত হন যুবনেতা যোগেশ ভার্সনে। লাঠিপেটার ঘটনার ভিডিও দেখে তিনি নাকি অশ্রুসিক্ত হয়ে পড়েন। আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মন্তব্য করেন তিনি। খবর: আনন্দবাজার অনলাইন।