মমতার শপথ গ্রহণে যোগ দেবেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী কলকাতা যাচ্ছেন। আজ রোববার প্রথম আলোকে তিনি এ কথা জানান।
আগামী শুক্রবার (২৭ মে) জুমার নামাজের পর দুপুর ১২টা ৪০ মিনিটে কলকাতার ব্যস্ততম সরণি রেড রোডে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই প্রথম রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী রেড রোডে শপথ নেবেন। বহু মানুষ যাতে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারে, সে জন্যই এ ব্যবস্থা।
ঢাকাকে সৈয়দ মোয়াজ্জেম আলীর প্রস্তাব, কোনো মন্ত্রী এ অনুষ্ঠানে এলে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তা আরও অর্থবহ হবে। মমতার জয়ের পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাঁকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকেও। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের নিতীশ কুমার, উত্তর প্রদেশের অখিলেশ সিং যাদব, তামিলনাড়ুর জয়ললিতা, ওডিশার নবীন পট্টনায়ক, অন্ধ্র প্রদেশের চন্দ্র বাবু নাইডু, তেলেঙ্গানার চন্দ্রশেখর রাও, জম্মু-কাশ্মীরের মেহবুবা মুফতিসহ আরও অনেকেই আমন্ত্রিত ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে।