মমতার সঙ্গে বৈঠকের প্রস্তাব বিমল গুরংয়ের

দীর্ঘ সাত মাস লড়াইয়ের পর দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরং বলেছেন, তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দার্জিলিং সমস্যা নিয়ে আলোচনায় বসতে চান। আজ বৃহস্পতিবার প্রকাশ্যে তিনি এ কথা বলেন।
দীর্ঘদিন অজ্ঞাতবাসে থাকার পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার প্রস্তাব দেন বিমল গুরং। তাঁর দাবি, তিনি বিচ্ছিন্নতাবাদী নন। ভারতের সংবিধান অনুযায়ীই পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন করেছেন তিনি। গোর্খাদের সত্তা রক্ষার জন্যই ছিল এই সংগ্রাম। দার্জিলিংয়ের সমস্যা মেটাতে তিনি রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান।
বিমল গুরং আরও বলেন, গোর্খাদের সংস্কৃতি আলাদা। দার্জিলিংয়ে সংগঠিত সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।
পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে গত ১২ জুন থেকে বিমল গুরং আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলন বন্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিমলকে অনুরোধ জানালেও তাতে এত দিন সায় দেননি তিনি। আন্দোলন চালিয়ে যাওয়ায় অশান্ত হয়ে পড়ে দার্জিলিং। প্রাণও হারান বেশ ক’জন।
এরপর বিমল গুরংকে গোর্খা জনমুক্তি মোর্চা থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেন মমতা। মোর্চারই আরেক শীর্ষ নেতা বিনয় তামাংকে সঙ্গে পান তিনি। মমতা বিনয় তামাংকে জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান পদে বসান। ফলে কার্যত ভেঙে যায় গোর্খা জনমুক্তি মোর্চা। পাহাড়ে অশান্তি ও জ্বালাও-পোড়াওয়ের জন্য বিমলের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়। একপর্যায়ে আত্মগোপন করেন বিমল। আত্মগোপনে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও তাতে সমর্থন পাননি তিনি।