মমতার সফর ঘিরে অশান্ত দার্জিলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দার্জিলিং। ছবি: রয়টার্স (ফাইল ফটো)
দার্জিলিং। ছবি: রয়টার্স (ফাইল ফটো)

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে দার্জিলিং। গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিংয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পরপরই অশান্ত হয়ে ওঠে দার্জিলিং। নতুন করে দাবি ওঠে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার। দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকেরা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে। এতে আহত হয় ৫০ পুলিশসহ মোর্চার সমর্থকেরা। তারা পুড়িয়ে দেয় কমপক্ষে ১৫টি পুলিশের গাড়ি এবং সরকারি ও বেসরকারি যাত্রীবাহী বাস। দার্জিলিং থেকে ফেরার সব রাস্তা অবরোধ করে রাখে মোর্চার সমর্থকেরা। ফলে অবরুদ্ধ হয়ে যায় দার্জিলিং। বন্ধ হয়ে যায় দোকানপাট, যানবাহন চলাচল। আটকে পড়ে অন্তত ১০ হাজার পর্যটক। রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর সাহায্য চেয়েছে। এদিকে আগামীকাল সকাল-সন্ধ্যা অর্ধ দিবস বন্‌ধের ডাক দিয়েছে জনমুক্তি মোর্চা।

মুখ্যমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দার্জিলিংয়ে অবস্থান করছেন।

মুখ্যমন্ত্রীর এই পাহাড় সফরকে ঘিরে গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়জুড়ে আন্দোলন শুরু করেছে। জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংয়ের নেতৃত্বে চলছে এই আন্দোলন। এর আগে আন্দোলনকারীরা মমতাকে স্বাগত জানানোর জন্য তৈরি করা তোরণ ভেঙে ফেলে। তৃণমূলের বিভিন্ন ব্যানার, পতাকা ছিঁড়ে ফেলে। মমতাকে কালো পতাকা দেখায়। স্লোগান দেয় পাহাড় ছাড়ার। এসব হুমকি উপেক্ষা করে মমতা গতকালের বৈঠকে যোগ দেন। বৈঠকে মন্ত্রিসভার অধিকাংশ সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা যোগ দেন।

জনমুক্তি মোর্চার আন্দোলনের সূত্রপাত হয় মুখ্যমন্ত্রী মমতার একটি ঘোষণাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী কদিন আগে ঘোষণা দেন, রাজ্যের সব বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের বাংলা ভাষা পড়তে হবে। দার্জিলিংয়ের মূল ভাষা নেপালি হওয়ায় শুরুতে এ ইস্যুতে মোর্চানেতা বিমল গুরুংয়ের সঙ্গে রাজ্য সরকারের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। যদিও পরে মুখ্যমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গে সব বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষা পড়তে হবে, তবে দার্জিলিংয়ে বাংলা ভাষা ঐচ্ছিক হিসেবে পড়তে হবে।

এদিকে বিমল গুরুং পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের ফের দাবি তুলেছেন। তিনি গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ থেকে তাঁদের সদস্যদের পদত্যাগ করারও হুমকি দিয়েছেন। জিটিএর প্রধান হলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। ২০১২ সালে এই জিটিএ গঠন হয়।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় শহরজুড়ে চলছে সেনা টহল। আটকে পড়া দেশি-বিদেশি পর্যটকদের উদ্ধার করে বিশেষ বাস ও যানবাহনে করে শিলিগুড়িতে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পর্যটকদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন। গোটা দার্জিলিং জুড়ে বন্‌ধ চললেও আজ শুক্রবার মংপুতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পুলিশ মোর্চার নেতা বিমল গুরুংকে ধরার জন্য তাঁর বাসভবনে গেলে সেখানে তাঁকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মগোপন করেছেন। আজ পুলিশ দখল নিয়েছে ভানুভক্ত ভবনের। এখান থেকেই গতকাল বিমল গুরুং বিক্ষোভ শুরু করেছিলেন।


এদিকে জনমুক্তি মোর্চার সমর্থকেরা বিভিন্ন স্থানে পতাকা হাতে নিয়ে বন্‌ধের প‌ক্ষে আজ পিকেটিং অব্যাহত রেখেছে। বিমল গুরুংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দার্জিলিং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য তিন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে নিয়ে একটি কমিটি গঠন করেছে। অন্যদিকে জিটিএর দুর্নীতি তদন্তের জন্য রাজ্য সরকার ছয় সদস্যের একটি অডিট দল গঠন করে দার্জিলিং পাঠিয়েছে। রাজ্য সরকার জিটিএকে দুই হাজার কোটি টাকার অনুদান দিয়েছে। সেই টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় তা তদ‌ন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে ঘোষণা দিয়েছেন, অনেক হয়েছে, তিনি আর বরদাশত করবেন না। আইন আইনের পথেই চলবে। তিনি উন্নয়নকাজে দার্জি‌লিংবাসীকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।