মমতার সর্বদলীয় বৈঠক নিয়ে দ্বিধাবিভক্ত জনমুক্তি মোর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দার্জিলিংয়ের অচলাবস্থা কাটাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদলীয় বৈঠকে যোগদান নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। একাংশ বৈঠকে যোগ দিতে চাইছে। অন্য অংশ চাইছে বিষয়াদি না জেনে বৈঠকে যোগ না দিতে।

২৯ আগস্ট রাজ্য সচিবালয় নবান্নে এই সর্বদলীয় বৈঠক ডেকেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে আলোচনার টেবিলে বসবে রাজ্য সরকার ও দার্জিলিংয়ের আন্দোলনকারীরা।

গত মঙ্গলবার নবান্নে এক সাংবাদ সম্মেলনে সর্বদলীয় বৈঠক আহ্বানের কথা জানান মুখ্যমন্ত্রী নিজেই। বলেন, পাহাড়ের বর্তমান অচলাবস্থা কাটিয়ে স্থিতিশীলতা আনতে জিএনএলএফের তরফ থেকে তাঁকে উদ্দেশ করে লেখা একটি চিঠির আবেদনের পরিপ্রেক্ষিতেই তিনি এই বৈঠক ডেকেছেন। সেই চিঠির জবাবেই মুখ্যমন্ত্রী ২৯ আগস্ট রাজ্য সচিবালয় নবান্নে বিকেল চারটায় একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এই বৈঠকে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, ‘পাহাড়ে যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা সবাই আসতে পারে এই বৈঠকে।’

এই বৈঠক প্রসঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা স্বরাজ থাপা বলেছেন, ‘মুখ্যমন্ত্রী বৈঠক ডেকেছেন। আমরা আমাদের দলীয় স্তরে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ জনমুক্তি মোর্চার সহসভাপতি তথা গোর্খাল্যান্ড মুভমেন্ট কো-অর্ডিনেশন কমিটির আহ্বায়ক কল্যাণ দেওয়ান বলেছেন, ‘আলোচনাতো জরুরি ছিল। চিঠি পাওয়ার পর আমরা বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

যদিও এই বৈঠক সামনে রেখে গতকাল বুধবার জনমুক্তি মোর্চা একটি সভা ডেকেছিল; পরে সেটি বাতিল করা হয়। এদিকে গতকাল পাহাড়ের দল সিপিআরএম জানিয়ে দিয়েছে, তারা এই বৈঠকে থাকছে না। আর এই বৈঠকে থাকবে কি না, তা রাজ্য সরকারের চিঠি দেখে সিদ্ধান্ত নেবে গোর্খা লিগ।

অন্যদিকে, গোর্খা জনমুক্তি মোর্চার একাংশের নেতারা বলেছেন, ওই সর্বদলীয় বৈঠকে তাঁরা থাকবেন কি না, তা চিঠি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। আবার অন্য অংশ চাইছে এই বৈঠকে যোগ না দিয়ে বরং জনমুক্তি মোর্চার নেতৃত্বে গড়া গোর্খাল্যান্ড মুভমেন্ট কো-অর্ডিনেশন কমিটিকে এই বৈঠকে পাঠাতে।

পশ্চিমবঙ্গের স্কুলপর্যায়ে বাংলা ভাষা বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়ার পর গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা এর বিরোধিতায় মাঠে নামেন এবং মুখ্যমন্ত্রীর ওই ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। কিন্তু প্রত্যাহার না হওয়ায় আন্দোলনকে চাঙা রাখার জন্য জনমুক্তি মোর্চার নেতারা শুরু করেন পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের আন্দোলন। পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে গত ১২ জুন থেকে শুরু হয় অনির্দিষ্টকালের দার্জিলিং বন্‌ধ্‌। সেই বন্‌ধ্‌ আজ বৃহস্পতিবার ২ মাস ১৪ দিনে পা দিল।