মহারাষ্ট্র-গোয়ায় এখনো অনেকে নিখোঁজ, চলছে উদ্ধারকাজ
ভারতের বন্যাকবলিত মহারাষ্ট্র ও গোয়ায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভির খবরে জানানো হয়েছে, মহারাষ্ট্রে বন্যায় এ পর্যন্ত ১৩৮ জনের প্রাণহানি হয়েছে। গোয়ায় কয়েক শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। খবর বিবিসির।
ভারী বৃষ্টির কারণে ভারতের এই দুই রাজ্যে বন্যা দেখা দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে অতিবৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।
মুম্বাই ও গোয়ায় উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। হেলিকপ্টার ও নৌবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, কয়েক বছরের মধ্যে এ বছর সবচেয়ে ভয়াবহ বন্যা আঘাত হেনেছে। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মহারাষ্ট্রে প্রধান নদীগুলো প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ৯০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
মুম্বাইয়ের দক্ষিণ–পূর্বে তালিয়ে এলাকায় ভূমিধসের কারণে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্সকে এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে।
আবহাওয়াবিদেরা বলছেন, আগামী কয়েক দিন ধরে এসব রাজ্যে বৃষ্টি চলবে।
সম্প্রতি কয়েক সপ্তাহে ইউরোপের পশ্চিমাঞ্চল ও চীনের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এত প্রাণহানির ঘটনায় তিনি শোকাহত। টুইটে তিনি বলেন, মহারাষ্ট্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বন্যাকবলিত এলাকায় দ্রুত সহায়তা পাঠানো হবে।