মহারাষ্ট্র-হরিয়ানায়ও মোদি চমক
ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল আজ রোববার ঘোষণা শুরু হয়েছে। মহারাষ্ট্রে ২৮৮ এবং হরিয়ানায় ৯০টি আসনে ১৫ অক্টোবর ভোট গ্রহণ হয়। এ দুই রাজ্যের নির্বাচনেও অটুট আছে নরেন্দ্র মোদির ম্যাজিক।
সর্বশেষ ভোটের প্রাপ্ত ফলে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি এই দুই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা আছে। একা সরকার গড়তে কোনো দলকে পেতে হবে মহারাষ্ট্রে ১৪৫ আসন (২৮৮) এবং হরিয়ানায় ৪৬ আসন (৯০)।
এদিকে এনডিটিভির এক খবরে বলা হয়েছে, মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনে জনগণের রায়কে স্বাগত জানিয়ে বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, মহারাষ্ট্রে দল একাই সরকার গঠন করবে।
মহারাষ্ট্র
বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে ২১৭টির ফল ঘোষিত হয়েছে। বিজেপি ৯১টি, শিবসেনা ৪৭, কংগ্রেস ৩৬, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ২৯ এবং অন্যরা ১৩ আসনে জয়ী হয়েছে। বাকিগুলোর মধ্যে বিজেপি ৩২টিতে এগিয়ে, শিবসেনা ১৪টিতে, কংগ্রেস সাতটিতে এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ১২টি আসনে এগিয়ে আছে।
হরিয়ানা
হরিয়ানা বিধানসভার ৯০ আসনের মধ্যে ৮৪টির ফল ঘোষিত হয়েছে। এর মধ্যে বিজেপি ৪৫, আইএনএলডি ১৮, কংগ্রেস ১৫ এবং অন্যরা ছয়টি আসনে জয়ী হয়েছে। এখানে বিজেপি এগিয়ে আছে দুটিতে আইএনএলডি এগিয়ে একটিতে।
মহারাষ্ট্র বিধানসভায় এই প্রথম শতাধিক আসন পেল বিজেপি। মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে বিজেপির ২৫ বছরের জোট ভেঙে যাওয়ার ফলে এ রাজ্যে নির্বাচনের ফলাফল কী হয় তা দেখার আপেক্ষায় আছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা।